২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিআরএসপি'তে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ নেই

প্রবাসীরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে (পিআরএসপি) তাদের অবদানের কোনও প্রতিফলন নেই। বিদেশ ফেরত বাংলাদেশীরা সোমবার এ অভিযোগ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংলাপে বিদেশ ফেরত বাংলাদেশী কল্যাণ সমিতির (ডব্লিউএআরবিই) সৈয়দ সাইফুল হক বলেন, পিআরএসপিতে বিদেশ ফেরত বাংলাদেশী শ্রমিকের অবদানের কথা স্বীকার করা হয়নি। অথচ তারা গত অর্থবছরেও দেশে চারশ’ কোটি মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছে।

তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উদ্ধৃতি দিয়ে বলেন, বর্তমানে এক কোটি বাংলাদেশী দেশের বাইরে আছে। প্রবাসীদের পাঠানো অর্থের হিসেবে তা দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা আয়কারী খাত।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, তাছাড়া দারিদ্র্য বিমোচন কৌশলপত্র কিংবা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় ২০১৫ সালের মধ্যে বিশ্বের দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করা হলেও তাতে প্রবাসী বা বিদেশ ফেরত শ্রমিকদের ব্যাপারে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

উদ্বাস্তু ও অভিবাসী গবেষণা শাখার সমন্বয়কারী সিআর আবরার বলেন, আমি জানতে পেরেছি, বিদেশ ফেরত বাংলাদেশীদের সমস্যা অন্তর্ভুক্ত না করেই পিআরএসপি চূড়ান্ত করা হয়েছে। সত্যিই যদি সে রকম হয়ে থাকে, তা অত্যন্ত দুঃখজনক।

এ ব্যাপারে পিআরএসপি প্রস্ততি কমিটির পরামর্শক হোসেন জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, এ অভিযোগ পুরোপুরি সত্য নয়। পিআরএসপি'তে প্রবাসী বাংলাদেশীদের ব্যাপারে যথার্থ মনোযোগ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে ডব্লিউএআরবিই ‘নতুন উদারীকৃত বিশ্ব প্রেক্ষাপটে দারিদ্র্য বিমোচন ও শ্রমিক অভিবাসনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা’ শীর্ষক সংলাপের আয়োজন করে।

সিআর আবরার তার বক্তব্যে কোটামুক্ত ব্যবস্থায় দেশের তৈরি পোশাক খাতের জন্য প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন। তিনি বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা সহ বিদেশে বাংলাদেশী দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের সেবার মান আরও জোরদার করার কথা উল্লেখ করেন।

ডব্লিউএআরবিই’র সহ-সভাপতি আব্দুল মান্নান বিদেশ ফেরত বাংলাদেশীরা দেশে বিনিয়োগের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হয়। তিনি দুর্নীতিগ্রস্ত নিয়োগ ও ভ্রমণ সংক্রান্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি দাবি করেন।

ডব্লিউএআরবিই নেতারা বিশ্ব বাণিজ্য সংস্থার প্রস্তাবিত গেটস চুক্তির মোড-৪ এর বিরোধিতা করেন। তারা বলেন, এ চুক্তির মাধ্যমে জনগণের চলাচলের অধিকার আরও সংরক্ষিত হয়ে পড়বে।