বিমানকে বিপিসির ৭২ ঘন্টার আলটিমেটাম
প্রায় ৫০০’শ কোটি টাকা বকেয়া পাওনার বিষয়টি মিটমাট করার জন্য বাংলাদেশ বিমানকে আজ থেকে ৭২ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
রোববার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান চট্টগ্রামে তেল স্থাপনাগুলো পরিদর্শনে আসলে বিমানকে পাওনার বিষয়ে মিটমাট করার জন্য ৭২ ঘন্টার সময়সীমা বেধেঁ দিয়ে নোটিশ দেয়ার নির্দেশ দেন।
উপদেষ্টার এই নির্দেশের প্রেক্ষিতে সোমবার বিপিসি পাওনার বিষয়টি মিটমাট করতে বিমানকে চিঠি দিয়েছে বলে তেল বিপণন সংস্থা পদ্মা ও বিপিসি সূত্র জানিয়েছে।
বিপিসির বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানী বিমানকে জেট ফুয়েল সরবরাহ করে থাকে।
পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক বিডিনিউজকে জানান, বিমানকে ৭২ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছে। এর মধ্যে বিমান বিষযটি মিটমাট না করলে জেট ফুয়েল সরবরাহ বন্ধ করে দেয়া হবে।
পদ্মা বছরে বাংলাদেশ বিমানকে ১ দশমিক ৮ লাখ মেট্রিক টন জেট ফুয়েল সরবরাহ করে থাকে।
এর আগে গত ৪ সেপ্টেম্বর বিপিসি পাওনা পরিশোধের জন্য ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে চিঠি দিয়েছিল। এর মধ্যে পাওনা পরিশোধে ব্যর্থ হলে ১ অক্টোবর থেকে জেট ফুয়েল সরবরাহ বন্ধ করে দেয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছিলো।
জ্বালানি ও বিমান মন্ত্রণালয়ের মধ্যে বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার অপেক্ষায় বিপিসি তখন জেট ফুয়েল সরবরাহ বন্ধ করেনি বলে বিপিসি সূত্র জানায়।
বিপিসি সূত্র অভিযোগ করেছে, বারবার তাগাদা দেয়া সত্ত্বেও বিমান বিষয়টি মিটমাট করার কোন আগ্রহ দেখায়নি।
এদিকে পাওনা নিয়ে বিপিসি’র হিসাবের সাথে দ্বিমত পোষণ করছে বাংলাদেশ বিমান। বিপিসির হিসাব অনুযায়ী পাওনার পরিমাণ ৫০০’শ কোটি টাকা হলেও বিমানের হিসাব অনুযায়ী এর পরিমান ২৫০কোটি টাকার বেশি হবেনা।
বিপিসির বকেয়া বিল পরিশোধে ব্যর্থ হওয়াতে গত এক বছরে দুইবার বিমানকে জেট ফুয়েল সরবরাহ বন্ধ করে দেয়।
