২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি উন্নয়নে বাধা, ক্ষুধা দূরীকরণে আন্তঃসাংস্কৃতিক সংলাপ আয়োজনের ওপর জোর দিলেন মন্ত্রী

কৃষি মন্ত্রী এম কে আনোয়ার বলেছেন, ক্ষুধা থেকে মুক্তি পেতে এবং কৃষি উন্নয়নে সৃষ্ট বাধা দূরীকরণে দরকার সর্বাধুনিক প্রযুক্তি ও জ্ঞানের আদান প্রদান। আন্তঃসাংস্কৃতিক সংলাপ আয়োজনের মাধ্যমে এটি করা যেতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বিশ্বখাদ্য দিবস উপলক্ষে আয়োজিত ‘আন্তঃসাংস্কৃতিক সংলাপের মাধ্যমে সমৃদ্ধ কৃষি’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ (বিএআরসি) মিলনায়তনে রোববার কৃষি মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি মন্ত্রী বলেন, কৃষির উন্নয়নে যেসব বাধা রয়েছে, উন্নত দেশেগুলোর কাছ থেকে সে সম্পর্কে জেনে আমাদেরকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও নিরাপত্তা অর্জন করতে হবে।

তিনি বলেন, আলোচনার মাধ্যমে ভর্তুকি ছাড়া উৎপাদন এবং বিশ্ববাজারে এর শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

মন্ত্রী বলেন, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার কারণে আমাদের কৃষকরা তাদের পেশা ছেড়ে দিচ্ছে।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষি সচিব কাজী আবুল কাশেম, খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) প্রতিনিধি বুই থি ল্যান, বিএআরসি’র চেয়ারম্যান নুরুল আলম প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কৃষকদের অধিকার এবং নিজস্ব পদ্ধতি, প্রযুক্তি, জেনেটিক সম্পদ, জৈব সার ও জীব বৈচিত্র্যের ভিত্তিতে চাষাবাদ নিশ্চিত করতে আন্তঃসাংস্কৃতিক সংলাপের আয়োজন করতে হবে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে কৃষকদের ৬০ শতাংশ ভর্তুকি দেওয়া হয়। কিন্তু বিদেশীদের চাপের কারণে বাংলাদেশ দুই শতাংশের বেশি ভর্তুকি দিতে পারে না।

এবারের বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘কৃষি ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ’। এ বিষয়ে সেমিনারে মূল প্রবদ্ধ পাঠ করেন ড. নওয়াজেশ আহমেদ।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতি বছর ১৬ অক্টোবর বিশ্বের ১৫০টি দেশে এ দিবসটি পালিত হয়ে থাকে। আজ থেকে ৬০ বছর আগে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়।