সড়ক বেসরকারিকরণ প্রকল্প : গ্র্যান্ড সাগার প্রস্তাব
মালয়েশিয়ার ফার্ম গ্র্যান্ড সাগা কন্সট্রাকশন এসডিএন বিএইচডি বাংলাদেশ সরকারকে সড়ক বেসরকারিকরণ সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছে।
মালয়েশিয়ার একটি ওয়েবসাইটে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আহমদ ইসহাক হারুন বলেন, বাংলাদেশের স্থানীয় একটি কন্সট্রাকশন ফার্মের সাথে যৌথভাবে তার কোম্পানি বাংলাদেশ সরকারকে একটি প্রস্তাব দিয়েছে।
বেসরকারিকরণ কাজ কতটুকু মূল্যায়ন পেয়েছে, সে ব্যাপারে বলতে তিনি অস্বীকৃতি জানান। তবে তিনি জানিয়েছেন, যৌথ বিনিয়োগ প্রস্তাবের ফলাফল আগামী বছরের প্রথমার্ধে জানা যাবে।
আহমদ বলেন, বাংলাদেশে সড়ক পথে কাজের ব্যাপারে আমরা সক্রিয়ভাবে চেষ্টা করছি। আমাদেরকে ইতোমধ্যে কন্ট্রাক্ট দেয়া হয়েছে এবং সেখানকার সড়ক কর্তৃপক্ষের সহায়তায় আমরা দু’টি সড়ক পথ দেখাশুনা করছি।
তিনি বলেন, কন্ট্রাক্ট দু’টির সময়সীমা পাঁচ বছর। এটি নবায়নযোগ্য নয়। বাংলাদেশ সরকার অপর একটি টেন্ডারের আহ্বান জানালে গ্র্যান্ড সাগা দরপত্র জমা দেবে বলে তিনি জানান।
তিনি বলেন, বাংলাদেশে সড়ক পথের কাজ ছাড়াও গ্র্যান্ড সাগা যৌথ বিনিয়োগের ভিত্তিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে ৪০ কিলোমিটার রাস্তার ঠিকাদারি পেতে ইতোমধ্যে দরপত্র জমা দিয়েছে।
