মার্কিন ও ইউরোপীয় বস্ত্র ক্রেতারা চীন থেকে বাংলাদেশের দিকে ঝুঁকছে
চীনা বস্ত্র সামগ্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় ও উত্তর আমেরিকান ক্রেতারা চীন ছেড়ে বাংলাদেশের প্রতি ঝুঁকছে বলে উল্লেখ করেছেন রপ্তানিকারকরা।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, গত দুই মাসে আমরা ইউরোপীয় ইউনিয়নভ্ক্তু ও আমেরিকান কয়েকটি দেশ থেকে বেশ কিছু অর্ডার পেয়েছি। অথচ এরাই আগে চীনা রপ্তানিকারকদের কাছ থেকে পোশাক কিনত।
সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ও আমেরিকান দেশগুলোতে টেক্সটাইল ও তৈরি পোশাক রপ্তানিকারকদের তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ।
প্রতিবেদনটিতে বলা হয়, ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের টেক্সটাইল রপ্তানি ব্যাপক হ্রাস পাওয়ায় অনেক গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেলেও এখন আর সে অবস্থা নেই।
বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে অনেক সহজ নীতিমালার ভিত্তিতে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিকেএমইএ সভাপতি বলেন, আমাদের অর্ডারের পরিমান বাড়ছে এবং পোশাক প্রস্তুতকারকরা নতুন নতুন কৌশলগত জোট গঠন করছে।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) প্রেসিডেন্ট আনিসুল হক বলেন, চিনা টেক্সটাইলের ওপর মার্কিন নিশেধাজ্ঞার কারণে বাংলাদেশে তৈরি পোশাকের রপ্তানি আরও বাড়বে।
বাংলাদেশের টেক্সটাইল রপ্তানিকারকরাও বলেছেন কোনও ধরনের রাজনৈতিক সংকট না দেখা দিলে এবং অবকাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে ভাল ফলাফল আসতে পারে।
এমএফএ উত্তরকালে তাঁত বস্ত্র রপ্তানি কমে গেলেও ২০০৪-০৫ অর্থবছরে তা ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
