২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর সমুদ্র বন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে টিওআর চূড়ান্ত

গভীর সমুদ্র বন্দর স্থাপনের কারিগরি সম্ভাব্যতা যাচাই করতে সরকার বুধবার টার্মস অব রেফারেন্স (টিওআর) চূড়ান্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

নৌ পরিবহন মন্ত্রী আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এটি চূড়ান্ত করা হয়। এসময় বন্দর স্থাপনের কারিগরি ও অর্থনৈতিক দিক যাচাইয়ের জন্য

আন্তর্জাতিক সাতটি কনসালটেন্সি ফার্মও চূড়ান্ত করা হয়।

সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রায় ২৫টি আন্তর্জাতিক কোম্পানি প্রস্তাবনা পেশ করেছিল। এর মধ্যে মাত্র সাতটি কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়। কোম্পানিগুলো হচ্ছে, জার্মানীর এইচপিসি হামবুর্গ পোর্ট কনসালটিং, নেদারল্যান্ডের রয়েল হ্যাসকোনিং, অস্ট্রেলিয়ার কোলেন গ্রুমিট অ্যান্ড প্রাইভেট লিমিটেড, জাপানের প্যাসিফিক কনসালট্যান্টস ইন্টারন্যাশনাল, ফ্রান্সের বিসিইওএম, কানাডার সিপিসিএস ট্রান্সকম লিমিটেড ও যুক্তরাষ্ট্রের নাথান অ্যাসোসিয়েটস।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এগুলোর মধ্য থেকে মাত্র একটি কোম্পানিকে সম্ভাব্যতা যাচাই করার দায়িত্ব দেওয়া হবে।

তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে যে কোনও একটি কোম্পানিকে নির্বাচন করা হবে।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নেপাল চন্দ্র সরকার বলেন, দু’টি পর্যায়ে সম্ভাব্যতা যাচাই জরিপ পরিচালনা করা হবে। চার মাসের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করা হবে।

তিনি বলেন, নির্বাচিত কোম্পানি বন্দরের সামাজিক ও পরিবেশগত প্রভাবের বিষয়টি পরীক্ষা করে দেখবে।