২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএইচপি গ্লাসের টিভি বিজ্ঞাপনের ওপর সরকারি নিষেধাজ্ঞা

দর্শক-শ্রোতাদের মাঝে নেতিবাচক ধারণার জন্ম দিতে পারে, এ আশংকায় সরকার টেলিভিশনে প্রচারিত পিএইচপি গ্লাসের একটি বিজ্ঞাপণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

তথ্য মন্ত্রণালয় সূত্র জানায়, পিএইচপি ফ্লট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এ বিজ্ঞাপনটিতে অবান্তর বিষয় উপস্থাপিত হয়েছে। দর্শক-শ্রোতাদের ওপর, বিশেষ করে শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছে, পারিবারিক বিষয় নিয়ে এক দম্পতির মধ্যে ঝগড়ার এক পর্যায়ে তারা একে অপরের দিকে বিভিন্ন গৃহসামগ্রী ছুঁড়ে মারে। এসব গৃহসামগ্রী দেয়ালের গ্লাসে আঘাত হানলেও তা ভাঙ্গে না।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বুধবার বিডিনিউজকে জানান, বিজ্ঞাপনটির প্রচার বন্ধ রাখার জন্যে শিগগিরই টেলিভিশন চ্যানেলসমূহকে নির্দেশ দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে পিএইচপি ফ্লট গ্লাস ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ মহসিন বলেন, বিজ্ঞাপনটি দেখে সরকার ও জনগণ যদি বিরক্ত হয়, তাহলে আমরা এর প্রচার বন্ধ করে দেবো।

তিনি বলেন, বিজ্ঞাপনটিতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে, স্বচ্ছতা পারে দ্বন্দ্বের অবসান করতে।

সরকার কিছুদিন আগে মোবাইল কোম্পানি গ্রামীণফোনের ‘ডিজুস’ প্যাকেজের বেশ কিছু টেলিভিশন বিজ্ঞাপন বন্ধ করে দেয়। দেশের সংস্কৃতি ও মূল্যবোধের পরিপন্থী উল্লেখ করে এ বিজ্ঞাপনগুলো নিষিদ্ধ করা হয়।