পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিটিএমএ ও বিকেএমইএ আবারও দ্বন্দ্বে অবতীর্ণ
পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) আবারও দ্বন্দ্বে অবতীর্ণ হয়েছে।
বেনাপোল স্থল বন্দর দিয়ে সুতা আমদানির নিয়ে দুই ব্যবসায়ী সমিতি ইতোমধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে করেছে। মঙ্গলবার বিকেএমইএ এক প্রেস রিলিজের মাধ্যমে আবারও ৮ অক্টোবরের বিটিএমএ’র সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে।
সম্প্রতি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত বাটেক্সপো ২০০৫ প্রদর্শনীতে এক আলোচনায় অর্থমন্ত্রী সাইফুর রহমান সুতা উৎপাদনকারীদের উদ্দেশ্য বলেছিলেন যদি দেশীয় সুতার দাম না কমে, তবে স্থলবন্দর মাধ্যমে সুতা আমদানির অনুমতি দেয়া হবে।
এই ঘোষণার কয়েকদিন পরই দুই সমিতির মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়।
বিকেএমইএ সুতার দাম বৃদ্ধি নিয়ে এক বিবৃতিতে জানায়, বর্তমানে সুতার দাম কেজি প্রতি ২ দশমিক ৫৫ থেকে ২ দশমিক ৬০ ডলারে গিয়ে পৌঁছেছে। তাছাড়া বিভিন্ন স্পিনিং মিল পূর্বে গৃহীত এল/সি’র বিপরীতে সুতা সরবরাহ করতে অনীহা প্রকাশ করেছে।
বিকেএমইএ আরো জানায়, নীট শিল্পের প্রবৃদ্ধি প্রতিবছর ৩০ শতাংশের বেশি। ক্রমপ্রসারমান এ খাতের চাহিদা ধরে রাখতে স্থানীয় টেক্সটাইল মিলগুলো ব্যর্থ হচ্ছে। এবছরে আমদানীকৃত সুতার পরিমান দাঁড়াবে ১ লাখ ২৫ হাজার টন।
বিকেএমইএ’র বিবৃতি নিয়ে বিটিএমইএ’র সভাপতি আব্দুল আওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, কেউ দাবি করতেই পারে, কিন্তু স্পিনিং মিলগুলোতে মঙ্গলবারেও কেজি প্রতি ২ দশমিক ৪০ থেকে ২ দশমিক ৪৫ ডলারে বিক্রি হয়েছে।
অপর এক প্রশ্নে তিনি বলেন, আমরা সাইফুর রহমানের বক্তব্যের পক্ষে বা বিপক্ষে কোন সংবাদ সম্মেলন করিনি। সরকার যে কোন সিদ্ধান্ত নিতেই পারে। তবে ভুল তথ্য কেউ উপস্থাপন করলে তার সম্পর্কে আমাদের বক্তব্য স্পষ্ট করা উচিত। তবে তিনি উল্লেখ করেন বিশ্ব বাজারে প্রতিদিনই তুলার দাম বাড়ছে। বিশ্ব বাজারের সঙ্গে তালমিলিয়ে তুলার দাম ভবিষ্যতে বাড়তে পারে।
