২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহায্য ছাড়ে দেরি করার প্রবণতা দেশের ব্যালেন্স অব পেমেন্টকে (বিওপি) চাপের মধ্যে ফেলেছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন জ্বালানি তেলের অব্যাহত মুল্য বৃদ্ধি এবং দাতা গোষ্ঠির সাহায্য ছাড়ে দেরি করার প্রবণতা দেশের ব্যালেন্স অব পেমেন্টকে (বিওপি) চাপের মধ্যে ফেলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

তিনি আরও বলেন, দাতাগোষ্ঠি যদি সময়মতো তাদের অর্থ ছাড় দিতো তাহলে তেলের মুল্য বৃদ্ধির কারণে অতিরিক্তি টাকা দেশের রিজার্ভ থেকে দিতে হতো না।

রোববার বিদেশী সাহায্যপুষ্ট প্রকল্পের পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকাালে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, দরপত্রে অতিরিক্ত অর্থ বরাদ্দের নামে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সমূহের পুননির্মান প্রকল্পে বিশ্বব্যাংক সময়মতো তাদের প্রতিশ্রুত ২০০ মিলিয়ন মার্কিন ডলার ছাড় দিচ্ছে না।

কিন্তু একই ধরনের দরপত্র পদ্ধতি এশিয়া উন্নয়ন ব্যাংক অনুসরণ ও গ্রহণ করেছে, অর্থমন্ত্রী বলেন।

মন্ত্রী জানান, শিক্ষাখাতে বরাদ্দকৃত ১০০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়ের ক্ষেত্রেও বিশ্বব্যাংক গড়িমসি করছে। স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থ এখনও ছাড় দেয়নি। ফলে প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে।

ব্যালেন্স অব পেমেন্ট পরিসংখ্যানগত তথ্যের সংক্ষিপ্ত রূপ যা নির্দিষ্ট সময়ের জন্যে একটি দেশের অর্থনৈতিক লেনদেনকে বোঝায়।

অর্থমন্ত্রী বলেন, প্রভাবশালী লোকজন তাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানকে প্রভাব খাটিয়ে এমপিওভুক্ত করেন। যা বিশ্বব্যাংককে অসন্তুষ্ট করেছে। এছাড়াও ডেসা’র করপোরেটাইজেশন না হওয়ার কারণেও বিশ্বব্যাংক তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছে।

মন্ত্রী আরও জানান, বিশ্বব্যাংক একটি স্বাধীন পরিদর্শন সংস্থা গঠন করার ব্যাপারে সরকারকে পরামর্শ দিয়েছে। দাতাগোষ্ঠির দেরিতে অর্থ ছাড়ের কারণে সরকারকে প্রকল্পের বাস্তবায়ন পুনর্মুল্যায়ন করতে হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, তিনি শিগগির বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনায় বসবেন এবং আশা করছেন আগামী এক মাসের মধ্যেই সমস্যার সমাধান হবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিগন অংশ নেন।