২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া এনার্জির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকল্প প্রস্তাবনা দাখিল

এশিয়া এনার্জি করপোরেশন (বাংলাদেশ) বাংলাদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত ফুলবাড়ি কয়লা প্রকল্পের পাশে কয়লা নির্ভর ৫০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য রোববার বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাব জমা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 03:37 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

লন্ডন ভিত্তিক এশিয়া এনার্জি পিএলসির বাংলাদেশ সাবসিডিয়ারি এশিয়া এনার্জি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি লাই বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি পেশ করেছেন।

কয়লা চালিত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই প্রকল্পটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার সাথে সাথে ফুলবাড়ি কয়লা প্রকল্পের সর্বোত্তম সমন্বিত উন্নয়ের লক্ষ্যে প্রস্তাব করা হয়েছে।

গ্যারি লাই বলেন, বাংলাদেশে কয়লা শিল্পের উন্নয়নের সাথে সাথে কয়লা নির্ভর বিদ্যুৎও অত্যন্ত গুরুত্বপুর্ণ খাত হিসেবে বিকশিত হবে।

পালভারাইজড টেকনোলজিতে চালিত এই প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে ১.৫ মিলিয়ন টন কয়লা পুড়িয়ে ৩,৭০০ গিগা ওয়াট-ঘন্টা বিদ্যুৎ উৎপন্ন হবে। উল্লেখ্য এই পরিমাণ কয়লা এশিয়া এনার্জির ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনির বাৎসরিক মোট উত্তোলনযোগ্য ১৫ মিলিয়ন টন কয়লার প্রায় দশ ভাগের এক ভাগ।

খনি-মুখে স্থাপনের কারণে প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র আকর্ষনীয় আর্থিক অনুকুলতা পাবে ফলে অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে এই কেন্দ্র উৎপাদিত বিদ্যুৎ সরবরাহে সক্ষম হবে। বর্তমান বাজারমূল্যে প্রকল্পটি স্থাপনে ৪৭৬ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।

ভবিষ্যতে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরো একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখানে স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে এশিয়া এনার্জির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ৫০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জেনারেটর সর্বনিম্ন ব্যয়ে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এবং গ্রিডে বিদ্যুৎ সরবরাহে ভারসাম্য আনতে পারে। এই আকৃতির বিদ্যুৎ উৎপাদন ইউনিট বাংলাদেশে একক ইউনিট হিসেবে এই প্রথম প্রস্তাবিত হয়েছে।

এশিয়া এনার্জি ২০০৬ সালে খনির কার্যক্রম আরম্ভ করার লক্ষ্যে ফুলবাড়ি কয়লা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও খনি উন্নয়ন পরিকল্পনা ২ অক্টোবর ২০০৫ তারিখে বাংলাদেশ সরকারের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য দাখিল করেছে।

দেশীয় ও আন্তর্জাতিক প্রাসঙ্গিক মানমাত্রার আধুনিক দূষণ প্রতিরোধ ব্যবস্থাসহ বিদ্যুৎ কেন্দ্রটির নকশা প্রণয়ন ও নির্মাণ সম্পন্ন করা হবে।

যুক্তরাজ্য ভিত্তিক একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনা কোম্পানি অলউইচ ইন্টারন্যাশনাল লিঃ, ব্ল্যাক এন্ড ভেচ ইন্টারন্যাশনাল লিঃ এবং ওএন্ডএম স্যলুশনস (বাংলাদেশ) লিঃ এর সহযোগিতায় এশিয়া এনার্জি প্রকল্পটির প্রস্তাবনা ও নকশা প্রস্তুত করেছে। বাংলাদেশে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন নীতি অনুসরণ করে প্রস্তাবনাটি দাখিল করা হয়েছে যেন প্রস্তাবনাটি মূল্যায়ন ও প্রকল্প বাস্তবায়নে গৃহীত নীতিমালার অধীনে প্রদত্ত সুবিধাগুলো প্রদান সহজ হয়।

এশিয়া এনার্জি পরিবেশগত ও কারিগরি সমীক্ষা পরিচালনা করবে যা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রয়োজন, এবং খনি উন্নয়ন পরিকল্পনার সাথে সাথে বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের লক্ষ্যে ২০০৮ সালে তার স্থাপনার কাজ শুরু করা হবে যেন ২০১১ সালের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা যায়।

ফুলবাড়ির এই গুরুত্ত্বপূর্ণ কয়লার মজুদ এবং ভবিষ্যতে বাংলাদেশের বিদ্যুতের চাহিদানুযায়ী উৎপাদন কেন্দ্রের প্রথম ইউনিটের পাশাপাশি দ্বিতীয় ইউনিট এর নকশা ও সম্প্রাসারন করে মোট ১,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যত কেন্দ্র সংস্থাপন করা হবে বলে এশিয়া এনার্জি জানায়।

বাংলাদেশের অধিকাংশ বিদ্যুতই উৎপন্ন হয় প্রকৃতিক গ্যাস হতে। কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদনকে কৌশলগতভাবে খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে।