৬১ ভাগ শেয়ার ছাড়তে যাচ্ছে বিমান, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত
লোকসানি প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাজারে তাদের ৬১ শতাংশ শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত মোতাবেক বিমানের মাত্র ৩৯ শতাংশ শেয়ারের মালিক থাকবে সরকার।
এর আগে বিমান কর্তপক্ষ বাজারে ৫১ শতাংশ শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল।
বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী ও বিমান বোর্ডের চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বাংলাদেশ বিনিয়োগ কর্পোরেশন (আইসিবি) সিদ্দান্ত নেবে, কখন এ শেয়ার বাজারে ছাড়া হবে।
তিনি বলেন, বোর্ডের বৈঠকে বিমানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি অনুমোদন করা হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিমানের কর্মকর্তা-কর্মচারীদের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে। তিনটি পর্যায়ে বর্ধিত এ বেতন কার্যকর হবে।
বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মন্ত্রী একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
বিক্ষোভরত এসব কর্মকর্তা-কর্মচারীরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত ২৭ সেপ্টেম্বর অনির্দিষ্টকাল ধর্মঘট ডেকেছিল। তবে মন্ত্রী এসব দাবি মেনে নিতে সম্মত হলে নয় ঘন্টা পর তারা ধর্মঘট প্রত্যাহর করে নেয়।
এদিকে নন ব্যালটি হজ্ব যাত্রীরা মধ্যপ্রাচ্যগামী যেকোনও ফ্লাইটের মাধ্যমে হজ্ব করতে যেতে পারবেন বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বিমান কর্তৃপক্ষ হজ্ব যাত্রীদের জন্যে এয়ারবাস ভাড়া করতে ব্যর্থ হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মাহমুদুর রহমান এবং বেসরকারি বিমান পরিবহন কর্তৃপক্ষ বাংলাদেশ’র (ক্যাব) চেয়ারম্যান এয়ার কমোডর হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
