দেশের হালকা প্রকৌশল শিল্প রফতানি আয় ১০৩ শতাংশ বৃদ্ধি
মানসম্পন্ন যন্ত্রপাতি ও উৎপাদনের ঘাটতি সত্ত্বেও আগের অর্থবছরের তুলনায় ২০০৪-০৫ অর্থবছরে দেশের হালকা প্রকৌশল শিল্প রফতানি আয় ১০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বুয়েটের ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্প মালিক সমিতি আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সোমবার বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী একথা জানান।
তিনি বলেন, ২০০৩-০৪ অর্থবছরে এ খাতে আয় ছিল চার কোটি ২০ লাখ মার্কিন ডলার এবং ২০০৪-০৫ অর্থবছরে এ খাতে আয় হয়েছে আট কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
এফবিসিসিআই সম্মেলন কেন্দ্রে ‘হালকা প্রকৌশল শিল্পের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক পাঁচ দিনব্যাপী কর্মশালায় ৩৬ জন অংশগ্রহণকারীর মধ্যে মন্ত্রী সনদপত্র বিতরণ করেন।
মন্ত্রী তার বক্তব্যে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য কমমূল্যে আধুনিক যন্ত্রপাতি উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি প্রকৌশল, প্রযুক্তি, ব্যবস্থাপনা ও গবেষণা ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক জ্ঞান লাভের মাধ্যমে দেশের হালকা প্রকৌশল শিল্পের তরান্বিত করার ব্যাপারে পরামর্শ দেন।
এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, আমাদের হালকা প্রকৌশল শিল্প বিশেষজ্ঞ, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সহযোগিতা, বাজার ব্যবস্থা, নিরাপত্তা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, গবেষণা ও উন্নয়নসহ বিভিন্ন সমস্যায় ভুগছে।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ফারুক আহমেদ সিদ্দিকী, এফবিসিসিআই সহ-সভাপতি মোহাম্মদ আলী এবং বুয়েটের অধ্যাপক ড. কামাল উদ্দিন বক্তব্য রাখেন।
