২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিসিবি’র খুচরা বিক্রি শুরু বুধবার

রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে মূল্য স্থিতিশীল রাখতে সরকার বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) মাধ্যমে বুধবার ডাল, পেঁয়াজ, চিনি ও ছোলা বুটের খুচরা বিক্রি শুরু করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

টিসিবির চিফ মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার আব্দুর রব শিকদার বলেন, বর্তমান ক্রয়মূল্যের চেয়েও কমে ওই জিনিসগুলো বিক্রি করা হবে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগের ৩০ থেকে ৩৫টি পরিবেশন কেন্দ্রের মাধ্যমে এক হাজার ৪৪০ মে.টন ডাল, ১২০ মে.টন পেঁয়াজ, ৩০০ মে.টন চিনি এবং ১২০ মে.টন ছোলা বিক্রি করা হবে।

শিকদার বিডিনিউজকে জানান, সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত টিসিবি এসব জিনিস বিক্রয় করবে। একজন ক্রেতা একটি দ্রব্যের সর্বোচ্চ এক কেজি পরিমাণ কিনতে পারবেন।

টিসিবির এক সূত্র জানায়, টিসিবির বোর্ড মিটিংয়ে সোমবার দ্রব্যগুলোর খুচরা মূল্যের ব্যাপারে সুপারিশ প্রদান করে এবং অনুমোদনের জন্য সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সুপারিশে ডাল কেজি প্রতি ৪৩ টাকা, পেঁয়াজ কেজি প্রতি ২৩ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে বলে টিসিবি সূত্র বিডিনিউজকে জানায়।

ডালের বর্তমান বাজার কেজি প্রতি ৪৮ টাকা, পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকা।

টিসিবি কমকর্তারা জানান, ফটকাবাজারি বন্ধে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন ব্যবস্থা নেবে।