২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে বিএসটিআই’র আরো দু’হাজার লোকবল নিয়োগ হচ্ছে

দেশব্যাপী ভেজালবিরোধী অভিযান শক্তিশালী করতে বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট) শিগগিরই প্রায় দুহাজার কর্মী নিয়োগ করছে। বিএসটিআই-এ বর্তমানে কর্মীর সংখ্যা মাত্র ৪৭৩ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 04:19 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সোমবার এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান।

এতে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমীর মওলানা মতিউর রহমান নিজামী, গোলাম মোহাম্মদ সিরাজ, আব্দুল মোতলিব আকন্দ, নূরুল কবির শাহিন ও শামসুর রহমান শরীফ।

বৈঠকে জানানো হয়, সরকারের পরিকল্পনা রয়েছে, প্রথমে বিভাগীয় শহরে, পরে পুরনো জেলা শহরে এবং সব শেষে দেশের সব ক’টি জেলায় একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব বিএসটিআইকে শক্তিশালী করা।

তবে আওয়ামী লীগ সাংসদ শামসুর রহমান শরীফ সরকারের ওই পরিকল্পনার বিরোধিতা করে বলেন, এতদিন ভেজাল খাদ্য বিক্রেতারা বিএসটিআই’র যোগসাজসেই খাদ্যে ভেজাল দিয়ে আসছিলো। এখন অভিযান চলার কারণে তাদের ‘রেট’ বেড়েছে।

তিনি বলেন, বিএসটিআই-এ নতুন লোক নিয়োগের আগে এখন যারা কর্মরত আছে, তাদের দুর্নীতি খতিয়ে দেখা প্রয়োজন।

কমিটির বৈঠকে পাকশি নর্থ বেঙ্গল পেপার মিলকে বেসরকারিকরণের জন্যে একমাত্র দরদাতা স্পেকট্রা ইন্টারন্যাশনাল’র কাছে ৫১ শতাংশ শেয়ার ছেড়ে দেওয়ার সরকারি প্রস্তাব সমর্থন করা হয়।

তবে সাংসদ শামসুর রহমান শরীফ এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে কী শর্তে দরপত্র আহ্বান করা হয়েছিলো এবং কেন একটি মাত্র প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করে-তা কমিটির পরবর্তী বৈঠকে জানানোর জন্যে সংশ্লিষ্টদের কাছে কৈফিয়ত তলব করেন।