সার আমদানি ১৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে
চলতি বছরের জুলাই-আগস্টে রাসায়নিক সার আমদানি ১৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই আমদানি দেশের বর্দ্ধনশীল আলু, ইরি ও বোরো ধান উৎপাদনে মৌসুমি চাহিদা মেটাতে সহায়তা করবে।
সার আমদানি বৃদ্ধি প্রসঙ্গে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ মো. ফরিদ বিডিনিউজকে বলেন, আগামী মাসের মধ্যে আলু, ইরি ও বোরো চাষের মৌসুম শুরু হবে।
তিনি বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত সার এ চাহিদা পূরণে ব্যর্থ, মৌসুমে এ চাহিদা আরও বেড়ে যায়। প্রাথমিক আমদানি কৃত্রিম মুল্য সংকট নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ ব্যাংকের বিবৃতি অনুযায়ী গত বছরের একই সময়ের চেয়ে চলতি বছরের জুলাই-আগস্টে দেশের সামগ্রিক আমদানি ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের রেকর্ড অনুযায়ী এই সময়ে পেট্টোলিয়াম ও পেট্টোলিয়াম জাতীয় পণ্যের আমদানি ৭৯ শতাংশ এবং ক্যাপিটাল মেশিনারি ৩৩ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পেট্টোলিয়ামের অব্যাহত মুল্য বৃদ্ধির কারণেই এই আমদানি বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানির পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
একই সময়ে চিনি আমদানি হ্রাস পেয়েছে।
চলতি অর্থবছরের আগস্টে জুলাইয়ের তুলনায় পেঁয়াজ, ভোজ্য তেল এবং সব ধরণের ডাল আমদানি যথাক্রমে ১৪৫ শতাংশ, ১০৫ ও ৪৪ দশমিক ২১শতাংশ বৃদ্ধি পেয়েছে।
একই সময়ে টেক্সটাইল ফেব্রিক্স ও গার্মেন্ট অ্যাকসেসোরিজ, ওষুধের কাঁচামাল, পেট্টোলিয়াম ও পেট্টোলিয়াম জাতীয় পণ্য, ক্যাপিটাল মেশিনারি আমদানি বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে জানা যায়, চলতি অর্থবছরের আগস্টে ১২৭১ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলারের এলসি খোলা হয়েছে।
