২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক ঐকমত্যের আহ্বান জানিয়ে শেষ হলো বাটেক্সপো-২০০৫

দেশের শিল্পখাতের উন্নয়নে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌছার আহ্বান জানিয়ে ১৬ তম বাটেক্সপো মেলা শনিবার শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 10:44 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

সাবেক শিল্পমন্ত্রী এবং প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ কোটামুক্ত সময়ে গার্মেন্টস শিল্পের সমস্যা উল্লেখ করে বলেন, নিজেদের মধ্যকার রাজনৈতিক মতভেদ ভুলে দেশের শিল্পখাতের উন্নয়নে আমাদেরকে একটি ঐকমত্যে পৌঁছতে হবে।

তবে ক্ষমতাসীন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রস্তাবে সম্মত হলে আওয়ামী লীগ তাদের সাথে এ ব্যপারে আলোচনায় বসবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, আওয়ামী লীগ পূর্বের মতো গার্মেন্টস খাতকে হরতালের আওতামুক্ত রাখবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করলে হরতালের কোনও প্রয়োজন হবে না।

বিজেএমইএ সভাপতি আনিসুর রহমান প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্বের উল্লেখ করে বলেন, দেশের প্রধান প্রধান সমস্যা নিরসনে উভয় দলের একসাথে আলোচনায় বসা উচিত।

তিনি বিরোধী দলকে হরতাল বন্ধের এবং সরকারের প্রতি গার্মেন্টস শিল্পের সমস্যা নিরসনের আহ্বান জানান। হোটেল সোনারগাঁওয়ে সেপ্টেম্বরের ২৯ থেকে অক্টোবরের ১ তারিখ পর্যন্ত তিন দিন ব্যাপী বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোটার্স এসাসিয়েশন (বিজিএমইএ)’র আয়োজনে বাটেক্সপো-২০০৫ মেলা অনুষ্ঠিত হয়।

মেলার সমাপ্তি অধিবেশনে স্থানীয় গার্মেন্টস শিল্পে অসাধারণ অবদানের জন্য নয়জন গার্মেন্টস উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়।

এছাড়াও সেরা স্টল হিসেবে মন্ডল গ্রুপ, এভেন্স টেক্সটাইল লি. এবং কনকর্ড গার্মেন্টস লি:-কে পুরস্কার দেওয়া হয়। মেলায় ৮১ টি স্টল এবং ৭০ টি স্থানীয় উৎপাদনকারী অংশগ্রহণ করে।