২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ও টাটার মধ্যে তৃতীয় দফা বৈঠক রোববার শুরু

ভারতের অন্যতম বৃহৎ ব্যবসায়ী গ্রুপ টাটার সঙ্গে ২ দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়ে সরকার ও টাটার মধ্যে রোববার তৃতীয় দফা আলোচনা শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, উভয় পক্ষই সঠিক পথেই এগুচ্ছে। আগামী বছরের প্রথম দিকেই এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, আমাদের মধ্যে দুই দফা আলোচনা হয়েছে। রোববার থেকে তৃতীয় দফা বৈঠক শুরু হচ্ছে। শিগগিরই জমি, কয়লা খনি, গ্যাস সরবরাহ সংক্রান্ত ইস্যুগুলো সমাধান হতে পারে বলে তিনি জানান।

অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চ পদস্থ কর্র্মকর্তা জানান, জমি, কয়লা খনি ও গ্যাস সরবরাহ নিয়ে চুক্তিতে পৌছার পরই গ্যাসের মুল্য ইস্যু নিয়ে আলোচনা করা হবে।

বৃহস্পতিবার মুম্বাইতে অর্থনীতির একটি দৈনিকের সাথে আলাপকালে টাটা স্টিলের বাংলাদেশ প্রকল্পের প্রধান ইন্দ্রনিল সেনগুপ্ত বলেন, বাংলাদেশ সরকারের সাথে আলোচনার ব্যাপারটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী বছরের শুরুতে আমরা স্টিল প্ল্যান্ট নিয়ে চুক্তি করার এবং বছরের শেষের দিকে কাজ শুরু করার আশা করছি।

টাটা গ্রুপ বাংলাদেশে স্টিল, বিদ্যুত ও সার কারখানা নিয়ে দুই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়ে চলতি বছরের এপ্রিল মাস থেকে সরকারের সাথে আলোচনা চলছে।

টাটা জানায়, এই প্রকল্পে সরাসরি ছয় হাজার পাঁচ শ লোকের কর্মসংস্থান হবে এবং এতে বাংলাদেশের রপ্তানি আগামী ৩০ বছরে ২৬ দশমিক ৫ বিলিয়নে উন্নীত হবে।