২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম এখনও প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে ওঠেনি

ঘোষণা দেওয়া সত্ত্বেও ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। সরকারের প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে তথাকথিত বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম কয়েক বছর ধরেই নানা সমস্যায় জর্জরিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সমীর বড়ুয়া, নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 03:58 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

নগরীর শীর্ষ রাজনীতিবিদ, ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালে নগরীর লালদীঘি ময়দানের এক বিশাল জনসভায় চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করেন। দু’বার ক্ষমতায় থাকার পরও বাণিজ্যিক রাজধানীর উপযোগী অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে ২০০৩ সালের ৬ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে পরিণত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এর জন্যে ১৬টি সুপারিশ প্রণয়ন করা হয়।

বাণিজ্যিক রাজধানীর উন্নয়নের ব্যাপারটি আজও কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আর এ কারণে নগরীর সাধারণ মানুষ ও ব্যবসায়ী সম্প্রদায় হতাশার মধ্যে রয়েছেন।

মন্ত্রিসভার সিদ্ধান্তের পরপরই মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হোসেনকে প্রধান করে একটি উপ-কমিটি গঠন করা হয়। তারপরও বাণিজ্যিক রাজধানীর পথে চট্টগ্রামের যাত্রার উল্লেখযোগ্য অবকাঠামোগত কোনও পরিবর্তন আসেনি।

বাণিজ্যিক রাজধানী করতে ক্ষমতাসীন সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে, যখন বিএনপি মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী দু’বছরের বেশি সময়ের মধ্যে মন্ত্রিসভার একটি বৈঠকও বন্দর নগরী চট্টগ্রামে আয়োজন করতে পারেনি।

মন্ত্রিসভার বৈঠকের স্থান হিসেবে এক কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম সার্কিট হাউজের সংস্কার সাধন করা হলেও দেড় বছর ধরে সেটি কোনও কাজে ব্যবহার করা হচ্ছে না।

নাম গোপন রাখার শর্তে নগর বিএনপির একজন শীর্ষ নেতা বলেন, ৯ মে অনুষ্ঠিত চট্টগ্রামের মেয়র নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণে নগরবাসীকে দেওয়া বিএনপি’র প্রতিশ্রুতি এখনও অপূর্ণ রয়ে গেছে।

তিনি বলেন, আনুপাতিকহারে চট্টগ্রামে অন্যান্য বিভাগের চেয়ে বেশি মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী পদমর্যাদার নেতা রয়েছেন। তারপরও চট্টগ্রামের উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে চার দলীয় জোট সরকার ব্যর্থ হয়েছে।

চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কর্ণফুলী নদীর ওপর তৃতীয় সেতুও নির্মিত হয়নি এবং এর পেছনে প্রভাবশালী নেতাদের তৈরি করা জটিলতা একটি বড় বাধা হিসেবে কাজ করছে বলে ওই শীর্ষ নেতা মন্তব্য করেন।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির অপর এক শীর্ষ নেতা বলেন, মেজর জিয়া যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সরকার সেই কালুরঘাট সম্প্রচার কেন্দ্রে ৫৫ কোটি টাকা ব্যয়ে জিয়া কমপ্লেক্স নির্মাণ করছে। এদিকে বলা হচ্ছে, তহবিল ঘাটতির কারণে তৃতীয় সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, অর্থের এ অপচয় জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, বিভিন্ন মহল চট্টগ্রামকে নানা বিশেষণে অভিহিত করে আত্মতৃপ্তি পেলেও, স্বাধীনতার পর দেশে যে সরকারই এসেছে, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা কেউই তেমন মনোযোগ দেয়নি।

তিনি বলেন, চট্টগ্রামকে ইদানিং ‘গেটওয়ে অব বাংলাদেশ’, ‘বাণিজ্যিক রাজধানী’, হেল্থ সিটি এমনকি মেগা সিটি হিসেবে উল্লেখ করা হলেও এর বিশাল সম্ভাবনা এখনও অব্যবহৃত রয়ে গেছে।

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি সাইফুজ্জামান চৌধুরী (জাভেদ) বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করতে বিলম্ব করার পিছনে প্রধান কারণ ক্ষমতাসীনদের সদিচ্ছা এবং পদক্ষেপের অভাব।

তিনি বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে পরিণত করার জন্যে নগরীর অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত মন্ত্রিপরিষদের বৈঠকে গৃহীত ১৬ দফা সুপারিশ বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিলম্ব করছে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অভিযোগ করেছে, চট্টগ্রামে সরকারের বিভিন্ন বিভাগ পর্যাপ্ত ক্ষমতার অভাবে প্রয়োজন অনুসারে কাজ করতে পারে না। রাজধানী ঢাকা থেকে কোনো বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের দিনের পর দিন অপেক্ষা করতে হয়।

চেম্বার প্রেসিডেন্ট বলেন, বাণিজ্যিক রাজধানীর মৌলিক অবকাঠামোগত উন্নয়নের অভাব রয়েছে।

পাশাপাশি তিনি নগরীর উন্নয়নে বেশ কয়েকটি সুপারিশ করেন। এর মধ্যে রয়েছে, চট্টগ্রামে বিনিয়োগ বোর্ড কার্যালয়ের মানোন্নয়ন, জাতীয় রাজস্ব বোর্ডের একটি পরিপূর্ণ ইউনিট স্থাপন এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও ক্ষমতা প্রদান।

তিনি দেশের প্রধান সমুদ্র বন্দরের উৎপাদনশীলতা বৃদ্ধি, শুল্ক বিভাগকে আরো কার্যকর করা এবং দুর্নীতিমুক্ত রাজস্ব বোর্ড গঠনের দাবি জানান।

তবে মন্ত্রিসভার বৈঠকে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা সংক্রান্ত প্রস্তাব উত্থাপনকারী এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ্ আল নোমান সরকারের উদাসীনতা ও ব্যর্থতার কথা সরাসরি অস্বীকার করেছেন।

তিনি বলেন, অর্থনৈতিক গুরুত্ব ও বাণিজ্যিক রাজধানীর সম্ভাবনার দিক চিন্তা করে চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছিলাম। তবে এটি কোনও প্রকল্প নয়। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার প্রক্রিয়া ইতোমধ্যে আমরা শুরু করেছি। আমরা অনেক ক্ষেত্রেই অগ্রগতি সাধন করেছি। তবে আরও সময় লাগবে।

তিনি বলেন, একটি আন্তর্জাতিক কনফারেন্স হলসহ দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের প্রতিষ্ঠা বাণিজ্যিক রাজধানীর অবকাঠামোগত উন্নয়নের প্রধান দিক। ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নগরীর কোতয়ালী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং মৎস্য সম্পদ মন্ত্রী নোমান অবকাঠামোগত উন্নয়নের জন্যে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের তালিকা দেন। এর মধ্যে দেশের দ্বিতীয় সিএসই প্রতিষ্ঠা, আন্তর্জাতিক বিমান বন্দর, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, তিন থেকে চারটি পর্যটন হোটেল, ফয়’স লেককে আন্তর্জাতিক পর্যটন কমপ্লেক্স হিসেবে প্রতিষ্ঠা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চারটি লেন তৈরি, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সম্প্রসারণ এবং চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের বিষয়টি রয়েছে।

মন্ত্রী বলেন, কিছু বীমা ও ব্যাংকের প্রধান কার্যাফয় স্থানান্তর এবং তাদের স্বাধীন ক্ষমতা দেওয়ার প্রক্রিয়া এগিয়ে চলেছে।

চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে দেওয়া সরকারের ঘোষণাকে ‘লোক দেখানো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কিছু নয়’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়ন কোনও ঘোষণার বিষয় নয়। পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্যে শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।

একজন শীর্ষ রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন, ভাল হোক আর মন্দ হোক, সব ক্ষেত্রেই বিরোধিতার মনোভাবের কারণে বন্দর নগরীর উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবং বিষয়টি যথাযথ ক্ষেত্রে দৃষ্টি আর্কষণও করতে পারছে না।