মার্সেল ফ্রিজ কিনে ‘মিলিয়নিয়ার’ শামীন ও সাগরিকা
দেশি ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পেলেন দুজন ক্রেতা।
কোরবানির ঈদ উপলক্ষে কোম্পানির ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ এ অংশ নিয়ে তারা এ অর্থ পেয়েছেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওই দুই ক্রেতা হলেন, ময়মনসিংহের ফুলপুর পৌরসভার চরপাড়া এলাকার আখের শরবত বিক্রেতা মোহাম্মদ শামীন এবং মেহেরপুরের গাংনী উপজেলার গৃহিণী মোছাম্মত সাগরিকা খাতুন।
মার্সেল জানায়, দেশব্যাপী পরিচালিত এ ক্যাম্পেইনে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে নিশ্চিত ক্যাশব্যাকের পাশাপাশি বিনামূল্যে পণ্য পেয়েছেন গ্রাহকরা। গত সোমবার ক্যাম্পেইনটি শেষ হয়েছে।
“এবারের সিজনে পণ্য কেনার পর তা ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়েছে। এরপর ক্রেতার দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ক্যাশব্যাকের পরিমাণ কিংবা ফ্রি পণ্য সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট শোরুম থেকে প্রাপ্ত ক্যাশব্যাক অথবা ফ্রি পণ্য যথাসময়ে ক্রেতাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।”
মার্সেলের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব সেলস সাখাওয়াত হোসেন বলেন, “মানুষ দেশীয় পণ্য ক্রয় ও ব্যবহার করছে বলে দেশের টাকা দেশেই থাকছে। দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে।”
