২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইসকনটাকটের সঙ্গে নগদের সমঝোতা চুক্তি

তৈরি পোশাক কর্মীদের সেবা দিতে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস ‘নগদ’ এবং সুইজারল্যাণ্ডের জুরিখভিত্তিক অলাভজনক সংস্থা ‘সুইসকনটাকট’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 07:10 PM

Updated : 25 Jul 2022, 04:08 PM

রোববার নগদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সারথী-ইম্প্রুভিং ফিন্যানশিয়াল হেলথ’ প্রকল্পের আওতায় সম্প্রতি দুই পক্ষ এই সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

“এর মাধ্যমে তৈরি পোশাককর্মী এবং সংশ্লিষ্টদের অর্থনৈতিক কর্মকাণ্ড ডিজিটাল প্ল্যাটফরমের আওতায় আনা সম্ভব হবে। নগদের সহজলভ্য সেবাগুলোর সঙ্গে তৈরি পোশাক কর্মীদের পরিচয় করিয়ে দেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করে তাদের ডিজিটাল শিক্ষা বাড়ানোও এই উদ্যোগের মূল লক্ষ্য।”

নগদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ এবং ‘সুইসকনটাকট’- বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মুজিবুল হাসান (সেজান) উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারথী প্রকল্পের আওতাধীন ২০ অক্টোবর পর্যন্ত কার্যকর এই উদ্যোগ থেকে ১৭ হাজার ৪০০ তৈরি পোশাককর্মী এবং তাদের পরিবারকে নগদের ডিজিটাল পণ্য ও সেবার আওতায় আনা সম্ভব হবে। আশা করা হচ্ছে, এই কর্মসূচি সুবিধাভোগীদের ডিজিটাল লেনদেন করতে উৎসাহিত করবে।

নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, “তৈরি পোশাক কর্মীদের মতো মানুষেরা, যারা এখনও ডিজিটাল লেনদেনের ব্যবহার থেকে পিছিয়ে আছেন, তাদের সমসাময়িক প্রথাগত ও ডিজিটাল ফিন্যানশিয়াল সার্ভিসের আওতায় আনার এই উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে ‘নগদ’ অত্যন্ত গর্ব বোধ করছে।”

সুইসকনটাকটের মুজিবুল হাসান (সেজান) বলেন, “সুইসকনটাকট বাংলাদেশে বেশ কিছু বছর যাবত স্বল্প আয় জনগোষ্ঠীর, বিশেষ করে তৈরি পোশাক শিল্প কর্মীদের, আর্থিক অন্তর্ভুক্তিকরণের পেছনে কাজ করে যাচ্ছে। সারথী প্রকল্পের মাধ্যমে ‘নগদ’ এই জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়নে সফল ভূমিকা রাখবে বলে আশা করছি।”