শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড এর ট্রাস্টি ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বুধবার ট্রাস্টি কমিটির সভায় ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট।
ট্রাস্টি ফান্ডে গত ৩০ জুন পর্যন্ত যাদের বিনিয়োগ ছিল তারাই এই লভ্যাংশের জন্য মনোনীত হবেন বলে জানানো হয়।
বিনিয়োগকারীরা চাইলে এই লভ্যাংশ নগদ টাকায় নিতে পারবেন অথবা ইউনিট কিনে ফের বিনিয়োগও করতে পারবেন।
গত অর্থবছর ট্রাস্টি ফান্ডে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ১ টাকা ১৪ পয়সা। সে অনুযায়ী, ফান্ড থেকে আয়ের ৮৭ দশমিক ৭ শতাংশ মুনাফা বিনিয়োগকারীদের মাঝে লভ্যাংশ হিসেবে দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, “২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের পুঁজিবাজার একটি কঠিন সময় পার করেছে। গত অর্থবছরে পুঁজিবাজারে মাত্র ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি সত্ত্বেও আমরা আমাদের বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ প্রদানে সক্ষম হয়েছি।”
এই কঠিন সময়ে প্রতিষ্ঠানটির ওপর আস্থা রাখায় বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “বিনিয়োগকারীদের এই বিশ্বাসকে সাথে নিয়ে পূর্বের ন্যায় ভবিষ্যতেও তাদের বিনিয়োগের সর্বাধিক মুনাফা অর্জনে আমরা বদ্ধপরিকর।”
