অস্থায়ী মাংসের বাজারে দাপট মৌসুমি কসাইদের
ঈদের সকালে দুটি ব্যাগ নিয়ে অলিতে গলিতে বেড়িয়ে দুপুর ১২টা পর্যন্ত তিন টুকরো মাংস পেলেন ত্রিশোর্ধ্ব নাসরিন। বিকাল সাড়ে ৪টা নাগাদ ঢাকার শাহিনবাগ এলাকার বাড়ি বাড়ি ঘুরে তার দুই ব্যাগে জুটল কেজি পাঁচেক মাংস।
বেলা ফুরোবার আগে পোশাকশ্রমিক নাসরিনকে দেখা গেল মহাখালী রেলগেইটে, কোরবানির মাংসের অস্থায়ী বাজারে। জানালেন, এক টুকরোও খাবেন না, বিক্রি করে দেবেন সবটাই।
নাসরিন বললেন, তার বিয়ে হয়েছিল, স্বামী ছেড়ে চলে গেছে; সন্তান নেই। মহাখালী কড়াইল বস্তিতে বৃদ্ধা মা ও ছোট ভাইয়ের সাথে থাকেন। কিছু টাকা ‘আয়’ করতে সংগ্রহ করা মাংস বেচে দিচ্ছেন।
খানিকবাদে নাসরিনের সংগ্রহ করা সব মাংস দেড় হাজার টাকায় কিনে নিলেন সাজ্জাদ নামে এক ছোট রেস্তোরাঁর মালিক। কাফরুলে রাস্তার ধারে তার দোকান।
সাজ্জাদের ভাষ্য, “ঈদের মাংস সবচেয়ে ভালো মাংস। যারা কোরবানি দেন, তারা ত্রুটিমুক্ত সুস্থ গরু জবাই দেন। আর এই সুস্থ মাংস সস্তায়ও কেনা যাচ্ছে; অন্য দিনের চেয়ে অন্তত অর্ধেক দামে।”
এ বাজারে মাংস কিনতে গাজীপুর থেকে এসেছেন রতন হেমরম। এ পোশাককর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিবছর মহাখালীতে এসে তিনি গরুর মাংস কেনেন।
“দুই ভাগ এক হাজার টাকায় নিলাম, চার কেজির মত হবে। সাধারণ বাজারের তুলনায় বেশ সস্তা। গাজীপুরে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে খাব।”
বাড়ি বাড়ি ঘুরে নিম্ন আয়ের মানুষের সংগ্রহ করা কিংবা কসাইয়ের কাজের বিনিময়ে পাওয়া মাংসই বেচা হয় এ বাজারে। এসব বাজার থেকে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি অনেক রেস্তোরাঁও মাংস সংগ্রহ করে।
রাজধানীতে এরকম বাজার বসে খিলগাঁও রেলগেইট, পুরান ঢাকার ইংলিশ রোড, রামপুরা টিভি সেন্টারের কাছে, কাকলী রেলগেইট, কারওয়ান বাজার রেলগেইট, মালিবাগ মোড়, মগবাজার রেলগেইট, মোহাম্মদপুর টাউন হল, মিরপুর এক নাম্বার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে, সায়েন্স ল্যাবরেটরি আড়ংয়ের কাছে, হাজারীবাগ মোড়, জিগাতলাসহ সহ আরও কিছু স্থানে।
টাঙ্গাইলের ঘাটাইলের জুলহাসসহ চারজন ঢাকায় এসেছেন অপেশাদার কসাই হিসাবে। তারা মহাখালী ‘পানির ট্যাংকি’ এলাকায় এক পরিচিতজনের ডাকে এসেছেন মাংস কাটার কাজ নিয়ে। ওই পরিচিতজনের মাধ্যমে আরও চারটি গরুর কাজ পেয়েছিলেন। প্রতিটি গরুর জন্য ৭ থেকে ৮ হাজার টাকা নিয়েছেন।
মহাখালীর অস্থায়ী মাংসের বাজারে ওজন মাপলেই গুনতে হচ্ছে ২০ টাকা
জুলহাস বললেন, “আমরা প্রতি বছর আসি। একেকজন ভাগে ৮ থেকে ৯ হাজার টাকা আয় করে চলে যাই।”
বগুড়ার শাহজাহানপুর থেকে ২০ জন তরুণের একটি দল এসেছে গরুর মাংস কাটার কাজে। গত শনিবার তারা ঢাকায় নামেন, উঠেছেন এক পরিচিতের বাসায়।
তাদের নেতা ২২-২৩ বছর বয়সী মুজাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, তারা বগুড়ায় কসাই হিসেবেই কাজ করেন। ঈদের দিন বনানী, ডিওএইচএস ও মহাখালী এলাকায় কাজ করেছেন।
“পরিচিতজনের মাধ্যমে আমরা ২০ জন ঢাকায় আসছি। দুপুর ৩টা পর্যন্ত ১২টি গরুর কাজ করছি। প্রতিটা গরু ৯ হাজার টাকা করে, ফিক্সড।”
গরুর হাড়, চর্বি, মাংস মিলিয়ে প্রায় দুই মণের মত পেয়েছেন। রেললাইনের ধারে পাটি পেতে বসে বিক্রি করছিলেন তারা। এখান থেকে অন্তত ৩০ হাজার টাকা আয় হবে বলে তাদের ধারণা।
“আমাদের টার্গেট একেক জন অন্তত ১০ হাজার টাকা করে নিয়ে ফিরব। আজকের অবস্থা দেখে মনে হচ্ছে বেশিই পাব।”
আমতলীতে ১৩ ও ৯ জনের দুটি পৃথক দল জানাল, তারা মোট ২০টি গরুর কাজ করেছেন।
১৩ জনের দলের নেতা আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গরুর মূল দাম ধরে হাজারে দুইশ টাকা করে কাজ করেছেন। তবে বেলা গড়ানোর পর হাজারে ১০০ টাকায় নামিয়ে আনেন।
“আমরা বগুড়ায় কসাইগিরি করি। ঢাকার যা রেট, বগুড়ায় সেটা নাই। সে কারণে এক বা দুই দিনের জন্য ঢাকায় চলে আসা। গরুর কাজ করার পর টাকা ছাড়াও যে মাংস, হাড় পাই সেটা বিক্রি করে ভালই আয় হয়।”
তার ভাষ্য, অপেশাদার কিছু কসাই এসে তাদের ‘রেট’ কমিয়ে দিয়েছে।
ঈদের দিন বুধবার খিলগাঁও রেলগেইটে জমজমাট কোরবানির মাংসের অস্থায়ী বাজার। ছবি: মাহমুদ জামান অভি
মোহাম্মদপুরে টাউনহলের অস্থায়ী হাট থেকে মাংস কিনে মহাখালীতে বেচে ৫০০ টাকা লাভ করার কথা জানালেন জাফর নামের এক ব্যক্তি।
মহাখালী জলখাবারের পেছনে থাকেন গৃহপরিচারিকা সখিনা বেগম। তিনি সাড়ে হাজার টাকায় প্রায় ৮ কেজি মাংস কিনেছেন।
“নিজে কোরবানি দিইনি। কিন্তু আত্মীয়স্বজনকে তো খাওয়াতে হবে। ননদ আসবে, আরও অনেকে আসবেন। তাদের জন্য মাংস কেনা।”
মহাখালী রেলগেইটে ওসমান নামের এক ব্যক্তি ওজন মাপার ডিজিটাল মেশিন নিয়ে বসে আছেন। যারা অস্থায়ী গরুর হাটে মাংস কিনছেন বা বিক্রি করছেন তাদের অধিকাংশ ওসমানের কাছে গিয়ে মেপে নিচ্ছেন।
“সেটা যত কেজিই হোক, প্রতিবার মাপার জন্য ২০ টাকা করে নিচ্ছি,” বললেন ওসমান।
ওসমানের মত আর দুইজনকে একই ধরনের যন্ত্র নিয়ে বসে থাকতে দেখা যায়। অনেকেই তাদের কাছে গিয়ে মাংস মেপে সে অনুযায়ী মাংসের দরদাম ঠিক করছিলেন। তবে কেউ কেউ না মেপেই কেনাবেচা করেছেন।
মহাখালীর অস্থায়ী বাজার থেকে রিকশাচালক ফকির আলম এক কেজি মাংস ৩০০ টাকা দিয়ে কেনার সময় বললেন, তার কোরবানি দেওয়ার সামর্থ্য নেই।
“বাজারে অন্যদিনে ৬৫০ থেকে ৭৫০ টাকার নিচে মাংস যায় না। ঈদের দিন সস্তায় মাংস কিনতে পারাটা আমার মতো মানুষের জন্য বড় সুযোগ। বাসায় এই মাংস নিয়ে পরিবারের সাথে খাব, সবাই খুশি হবে, ঈদের আনন্দ পাব।”
