২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

`ইসলামি বিধি মেনে’ নগদে ডিজিটাল লেনদেনের সুযোগ

ইসলামের বিধি মেনে ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনের সুযোগ ‘নগদ’ তৈরি করেছে বলে মনে করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2022, 08:15 PM

Updated : 25 Jul 2022, 05:00 PM

সোমবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত শরিয়াহভিত্তিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন বিষয়ক এক আলোচনা তিনি এ কথা বলেন।

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র সহযোগিতায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, “নগদ ইসলামিক গত তিন বছর ধরে বিভিন্ন ধরনের শরিয়াহভিত্তিক লেনদেনের সুবিধা দিয়ে আসছে, যা দেশের মানুষদের জন্য ইসলামি জীবনবিধি মেনে আর্থিক লেনদেন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার সুযোগ তৈরি করেছে।

“এর মাধ্যমে গ্রাহক সুদমুক্ত উপায়ে নিজস্ব তহবিল পরিচালনা এবং নিজের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করতে পারছেন এবং গ্রাহকেরা খুব সহজেই হজ এবং উমরাহর যাতায়াতসহ অন্যান্য খরচ এবং ঘরে বসেই তাদের ইসলামিক জীবন বীমার পেমেন্টও পরিশোধ করার সুবিধা পাচ্ছেন। ”

‘নগদ’ নির্বাহী পরিচালক এবং নগদ ইসলামিকের শরিয়াহ বোর্ডের সদস্য মোহাম্মদ আমিনুল হক বলেন, “দেশে প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলমান। সেই বিবেচনায় আমরা নগদ ইসলামিক অ্যাকাউন্টটি নিয়ে এসেছি। আমরা জানি ধর্মপ্রাণ গ্রাহক এমনকি প্রান্তিক পর্যায়েও শরিয়াহভিত্তিক লেনদেনের ব্যাপক চাহিদা রয়েছে।

“দেশে ইসলামিক ডিজিটাল লেনদেনে নগদ ইসলামিক একটি মাইলফলক। আমাদের বিশ্বাস এর সুফল দেশের সর্বস্তরের মানুষ উপভোগ করতে পারবেন।”

নগদ জানায়, বাংলাদেশ সচিবালয়ের বিএসআরএফ মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম, বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক উপস্থিত ছিলেন।