বাংলা একাডেমি প্রাঙ্গণে এবার ১৪ দিনের বৈশাখী মেলা
করোনাভাইরাস মহামারীতে দুই বছর বন্ধ থাকার পর ১৪২৯ বঙ্গাব্দের প্রথম দিন বাংলা একাডেমি প্রাঙ্গণে আবারও বসেছে বৈশাখী মেলা।
ঐতিহ্যবাহী জামদানি, তাঁতের শাড়ি, হরেক রকমের পাটপণ্যের পাশাপাশি কাঠের পুতুল, মাটির টেপা পুতুল, বাঁশ ও বেতের তৈরি নানা পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা।
এর আগে বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা হলেও এবার হচ্ছে চৌদ্দ দিনব্যাপী। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বৃহস্পতিবার পহেলা বৈশাখের দুপুরে এই কারুপণ্য মেলার উদ্বোধন করেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, “দুই বছর পর আবারও বৈশাখী মেলা হচ্ছে। ছোট ছোট উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা দিতেই এ আয়োজন।
“কুটির শিল্পের সঙ্গে যারা সম্পৃক্ত থাকেন, যারা ঋণ খেলাপ করেন না, সামান্য পুঁজি দিয়ে যারা ব্যবসা পরিচালনা করেন, তাদের নিয়ে এই মেলা। এদেশের মানুষের শিল্প সাহিত্য ও সংস্কৃতির রুচিবোধটাকে কীভাবে পণ্যের সঙ্গে সম্পৃক্ত করা যায়, সেজন্য আমরা প্রতি বছর এ ধরনের মেলার আয়োজন করি।”
