২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেইনটয়ের পণ্য আনছে ডিবিআই

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত পণ্য উৎপাদনকারী কানাডার প্রতিষ্ঠান ব্রেইনটয়ের পণ্য বাংলাদেশে বাজারজাত করবে ডিবিআই রিসার্চ প্রাইভেট লিমিটেড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 12:29 AM

Updated : 02 Aug 2022, 03:16 PM

সম্প্রতি এবিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে বলে বৃহস্পতিবার ডিবিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই চুক্তির আওতায় ডিবিআই (ডিজিটাল বিজনেস ইন্টেলিজেন্স) বাংলাদেশে ব্রেইনটয়ের মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত পণ্য এবং সেবা প্রচার ও বাজারজাতকরণ প্রক্রিয়ায় যুক্ত থাকবে।

চুক্তি অনুযায়ী ডিবিআই লার্নিংয়ের ব্যানারে যৌথভাবে মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালাও আয়োজন করবে এই দুটি প্রতিষ্ঠান।

এই বিষয়ে ডিবিআইর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার মণ্ডল বলেন, “এই চুক্তি বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ভবিষ্যৎ বিবেচনায় মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভুমিকা অপরিসীম এবং আমরা আশা করছি, ডিবিআই এবং ব্রেইনটয় যৌথভাবে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে অবদান রাখতে পারবে।”

ডিবিআইর প্রধান অপারেটিং অফিসার শাহরিয়ার রহমতুল্লাহ বলেন, “মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইতোমধ্যে বাংলাদেশের অনেক ব্যবসা প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয় কর্ম-পরিচালনা, ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহন, ও অন্যান্য ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন আনতে শুরু করেছে।

“আমরা খুশি যে আমরা বাংলাদেশের এই প্রযুক্তিগত বিবর্তনে অবদান রাখার সুযোগ পাচ্ছি এবং এর মাধ্যমে আমরা আমাদের বাজার গবেষণার সেবাগ্রহীতাদের আরো উন্নত সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।”