২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ আকর্ষণে বিডার নাম পরিবর্তনের পক্ষে পরিকল্পনামন্ত্রী

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারি সংস্থাগুলোকে নিয়ন্ত্রকের ভূমিকায় না থেকে সহযোগীর ভূমিকায় আনার পক্ষে মত জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 09:37 PM

Updated : 02 Aug 2022, 03:15 PM

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নাম বদলের পরামর্শও দিয়েছেন। কারণ তার মতে, কর্তৃপক্ষ শব্দটি কর্তৃত্বের ভাব তৈরি করে।

মান্নান বৃহস্পতিবার ঢাকার শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক প্রাক বাজেট আলোচনায় দেশে বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন।

তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নামটি শুনেই বিনিয়োগকারীরা সংস্থটিকে কর্তৃত্বপরায়ণ মনে করতে পারে।

“কোন বিনিয়োগকারী ওই কর্তৃপক্ষকে কুর্নিশ করতে আসবে?”

এই প্রসঙ্গটি তিনি মন্ত্রিপরিষদ বিভাগে এক বৈঠকে বলেছিলেন উল্লেখ করে বলেন, “আমি বলেছি আমরা আমাদের পায়ে কুড়াল মারছি না?”

বিডার নাম যদি বাংলাদেশ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (বিপা) হয়, তাহলে নাম শুনেই বিনিয়োগকারীরা সহযোগিতার আশা নিয়ে নির্ভয়ে সংস্থাটির কাছে যেতে পারে বলে মনে করেন মান্নান।

“দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য একটি বডি তৈরি হবে তা কর্তৃপক্ষ কেন? বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কেন? বাংলাদেশ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (বিপা) নয় কেন?”

দেশের ব্যবসায়ীদের জন্য ব্যবসা-বাণিজ্যের মাঠ সমতল করার উপরও জোর দেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, “আমাদের দেশের ব্যবসায়ীরা এখন অনেক আগ্রাসী। এই আগ্রাসনটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, আরও বাড়িয়ে নেওয়া যায়, তা আমাদের খুঁজে বের করতে হবে। ব্যবসায়ীদের জন্য আরও সমান মাঠ তৈরি করতে হবে। এবসলিউটলি ফিল্ড হয়ত নট পসিবল, বাট আরও বেটার..।"”

Image
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার বেসরকারি খাতের প্রত্যাশা শীর্ষক প্রাক বাজেট আলোচনায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার বেসরকারি খাতের প্রত্যাশা শীর্ষক প্রাক বাজেট আলোচনায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: আসিফ মাহমুদ অভি

কথা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, “আমাদের সমস্যা এত বেশি এক জায়গায় হাত দিলে ২০-২৫ জায়গায় নড়চড়া করে। ভয় এত বেশি আর আগায় না।”

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোর আয়োজিত এই আলোচনায় সভাপতিত্ব করেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু।

ব্ক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দীন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। এছাড়াও পোশাক খাতসহ দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা আলোচনা করেন।

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলার কিছু উপায় তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দিন।

“সেই চ্যালেঞ্জে মোকাবেলার জন্য আমাদের রপ্তানি সক্ষমতা বাড়াতে হবে। আর এ জন্য দেশে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এ জন্য সাব কন্ট্রাক্টের মাধ্যমে এসএমই তৈরি করতে হবে।”

ব্যবসায়ীদের এই শীর্ষ নেতা দেশে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তাদেরকে ভ্যাটের আওতামুক্ত রাখতেও সরকারকে পরামর্শ দেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আগাম করের সমালোচনা করে জসীম বলেন, “অগ্রিম কর যেহেতু ফেরত দিতে হয়, তাহলে কেন নিচ্ছেন? সহজ করলে সবাই কর দেবে, তাই সহজ করে দেন।”

সৈয়দ মঞ্জুর এলাহী আসছে বাজেট প্রণয়নের ক্ষেত্রে দেশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করে কর্মসংস্থান বাড়ানোর দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, দেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে পারলে বিদেশি বিনিয়োগও বাড়বে।

শফিউল ইসলাম মহিউদ্দিন জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রণমূলক আচরণ পরিবর্তন করার আহ্বান জানিয়ে বলেন, “ট্যারিফ আরোপ এবং আদায় একই প্রতিষ্ঠানে করা উচিৎ নয়। হতে পারে ট্যারিফ কমিশন ট্যারিফ আরোপ করবে, আর অন্য একটি প্রতিষ্ঠান আদায় করবে।

“এনবিআর আর অর্থ মন্ত্রণালয় মিলে এইচএস কোডের মাধ্যমে নানারকম হয়রানিতে ফেলছে।”

তিনি অভিযোগ করেন, কোভিড-১৯ মহামারীর প্রণোদনা প্যাকেজ বড় বড় ব্যবসায়ীরা পেলেও ছোটরা পায়নি।

অনুষ্ঠানে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, “দেশের ব্যবসায়ীদের অদম্য মানসিকতায় আমরা এই পর্যন্ত এসেছি। আমাদের প্রধানত দরকার ব্যবসা সহজীকরণ ও নীতি সহায়তা।”

জাহাজ শিল্পে দেশীয় উদ্যোক্তাদের অনুৎসাহিত করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

“সিঙ্গাপুর থেকে যে জাহাজটি আমাদের রপ্তানি বা আমদানি পণ্য পরিবহণ করছে, তার কাছ থেকে কোনো কর নিচ্ছে না। কিন্তু দেশীয় উদ্যোক্তার কোনো জাহাজ বিদেশ থেকে পণ্য পরিবহন করলে তার ওপর ৫ শতাংশ করারোপ করা হচ্ছে।”

অনুষ্ঠানে অন্যান্য আলোচকরা দেশে ব্যবসা সহজকরণ, করপোরেট কর হার আরও কমানোর কথা বলেন। পাশাপাশি করের আওতা বাড়িয়ে কর আহরণের পরিমাণও বাড়ানোর ওপর তাগিদ এসেছে অনেকের বক্তব্যে।