ভবিষ্যতে ইউবিআইডি দেখে প্রণোদনা দিতে পারবে সরকার: মন্ত্রী
সরকার ই-কমার্স উদ্যোক্তাদের খুব দ্রুত ডিজিটাল বিজনেস আইডি দিতে চায় জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ওই নম্বরের মাধ্যমে পরে সরকার উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ সুবিধাও দিতে পারবে।
বুধবার ঢাকায় উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট (উই) এর আয়োজনে এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, “উদ্যোক্তাদের আমরা দ্রুত ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দিতে চাই। মহামারীর মধ্যে কিন্তু আমরা তাদের ঠিকমত ট্রেস করতে পারিনি। ঠিকমত প্রণোদনা দেওয়া যায়নি।
“এবার আমরা চাচ্ছি যে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকবে। এর মধ্যেমে আমরা যে কোনো ধরনের প্রণোদন তাদের দিতে পারব।”
গতবছর বেশ কয়েকটি ই কমার্স কোম্পানির বিরুদ্ধে গ্রাহক ঠকিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলে সরকার এ ধরনের কোম্পানির জন্য ডিজিটাল বিজনেস আইডি বা ডিবিআইডি চালু করে।
বুধবার উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট (উই) আয়োজিত ‘উই কালারফুল ফেস্ট ২০২২’ এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।
দুই দিনের এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় আছে দারাজ বাংলাদেশ লিমিটেড, বেঙ্গল ডায়মন্ড ও ফুড পান্ডা।
নারী উদ্যোক্তারা মোট ৮৮টি স্টলে শাড়ি, গয়না, মসলাসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন এ আয়োজনে।
উদ্বোধনী অনুষ্ঠানে টিপু মুনশি বললেন, “এই মেলার নাম ফুলের মেলা হতে ভালো হত।”
কবিতা থেকে উদ্ধৃত করে তিনি বলেন, “ফুলের বনে যার কাছে যাই... । দেশীয় পণ্য কিনে হও ধন্য।”
তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
