২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হানিফ ফ্লাইওভারের টোল দেওয়া যাবে নগদে

যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ এর মাধ্যমে টোল দেওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 08:35 PM

Updated : 02 Aug 2022, 03:14 PM

স্বয়ংক্রিয়ভাবে টোল গ্রহণের এ সেবা চালু করেছে নগদ বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

সম্প্রতি ঢাকার সায়েদাবাদে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার সেন্ট্রাল প্লাজা প্রাঙ্গণে নগদ ও ফ্লাইওভারের নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়েছে।

চুক্তিতে ওরিয়নের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম ও নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির অধীনে নিবন্ধিত গ্রাহকরা একটি নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করে টোল পরিশোধ করে হানিফ ফ্লাইওভারের আটটি বাইরে যাওয়ার পথে কোনো প্রকার ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারবেন।

এ জন্য গ্রাহকদের প্রথমে ফ্লাইওভারের ওয়েবসাইটে প্রবেশ করে প্রথম ধাপে ১০০ টাকা (প্রতিটি গাড়ির জন্য) পরিশোধ করে প্রথমবার নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ ফিও দেওয়া যাবে নগদে।

নিবন্ধন হলে সায়েদাবাদ জনপথ মোড়ের সেন্ট্রাল প্লাজা থেকে আরএফআইডি ট্যাগ বা স্টিকার সংগ্রহ করে নিজ নিজ গাড়িতে যুক্ত করতে হবে।

টোল পরিশোধ করতে হলে নিবন্ধন করার পরের ধাপে একই ওয়েবসাইটে 'অ্যাড ট্রিপ অপশন' থেকে 'পে উইথ নগদ' নির্বাচন করতে হবে। এরপর ট্রিপ সংখ্যা, নগদ অ্যাকাউন্ট নম্বর, ভেরিফিকেশন কোড ও পিন দিয়ে টোল পরিশোধ সম্পন্ন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফ্লাইওভারের আটটি বের হওয়ার পথে টোল দেওয়ার জন্য অপেক্ষা না করে যানবাহনের গায়ে লাগানো আরএফআইডি স্টিকারের স্বয়ংক্রিয় স্ক্যানিং এর মাধ্যমে সরাসরি পার হওয়ার সুযোগ পাবেন যাত্রী অথবা চালকরা।

সেক্ষেত্রে, স্টিকারযুক্ত গাড়িগুলো ফ্লাইওভার থেকে নামার সময় ‘টি’ চিহ্নিত লেইন ব্যবহার করবে, যেখানে স্বয়ংক্রিয়ভাবে বুম-বার খুলে যাবে। ফলে টোল প্রদানের জন্য ফ্লাইওভারের বের হওয়ার পথে আর অপেক্ষা করতে হবে না চালকদের। 

নগদের সিইও রাহেল আহমেদ বলেন, "বাংলাদেশকে পূর্ণরূপে ডিজিটাল দেশে পরিণত করতে সড়ক ও যোগাযোগ ব্যবস্থাপনাকে ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসা দরকার বলে আমি মনে করি। সেই বিবেচনায়, হানিফ ফ্লাইওভারে অনলাইনে টোল সংগ্রহ করার প্রক্রিয়ার অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।"

চুক্তি সই অনুষ্ঠানে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান আলী পাটোয়ারী, নগদ এর হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু ও হেড অব ইউটিলিটি অ্যান্ড এডুকেশন্যাল পেমেন্ট সোহেল তাসনীম উপস্থিত ছিলেন।