পরিবেশ উন্নয়ন তহবিল চালু করল টেল প্লাস্টিকস
পরিবেশ উন্নয়নের জন্য তহবিল চালু করল দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল’র গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড টেল প্লাস্টিকস।
মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এ তহবিল উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
এক বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল গ্রুপ জানায়, টেল প্লাস্টিকসের প্রতিটি পণ্যের বিক্রয়মূল্য থেকে এ তহবিলে সর্বনিম্ন দুই টাকা করে জমা দেওয়া হবে। পরে এ তহবিলের অর্থ খরচ করা হবে পরিবেশের উন্নয়নে।
অনুষ্ঠানে হাবিবুন নাহার বলেন, “বর্তমান সরকার পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে সরকার জীববৈচিত্র সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলাসহ নানামুখি উদ্যোগ নিয়ে দেশের মানুষের বাস উপযোগী টেকসই পরিবেশ নিশ্চিতে কাজ করে যাচ্ছে।”
এ সময় উপমন্ত্রী পরিবেশ উন্নয়ন তহবিল চালু করার জন্য টেল প্লাস্টিকসকে ধন্যবাদ জানিয়ে এ তহবিল পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, “গৃহস্থালি পণ্যের শীর্ষস্থানীয় উৎপাদনকারী হিসেবে আরএফএল গ্রুপের দায়িত্ব রয়েছে পরিবেশ নিয়ে কাজ করা। সে দায়িত্ববোধ থেকে গ্রুপটি ২০১২ সাল থেকে প্লাস্টিক পণ্য রিসাইক্লিং কর্মকান্ডের সাথে যুক্ত।”
প্রতিবছর প্রায় ৩০ হাজার টন ‘ব্যবহৃত প্লাস্টিক’ সংগ্রহ করে প্রায় ২৭ হাজার টন কাঁচামাল উৎপাদনে ব্যবহারের কথা জানিয়ে তিনি বলেন, “দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল সবসময় পরিবেশসহ বিভিন্ন খাতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা ধরনের কর্মসূচি পরিচালনা করে আসছে। এ কর্মকাণ্ডকে আরও সুসংগঠিতভাবে সম্পাদন করার জন্য আমরা ‘টেল প্লাস্টিকস পরিবেশ উন্নয়ন তহবিল গঠন’ করেছি।”
টেল প্লাস্টিকসের নির্বাহী পরিচালক কামরুল হাসান বলেন, টেল প্লাস্টিকস এর বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য থেকে এই তহবিলে কমপক্ষে দুই টাকা করে জমা দিবে। পরবর্তীকালে এ তহবিলের অর্থ খরচ করা হবে বৃক্ষ রোপণ, দূষণপ্রবণ এলাকায় পরিবেশ দূষণরোধ, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা কর্মসূচি ও পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায়।
এছাড়াও পরিবেশ নিয়ে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে, তাদেরকে এ তহবিলের মাধ্যমে পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে।
অনুষ্ঠানে টেল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং ফাহিম হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) বশির উদ্দিন ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
