২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালের অভ্যন্তরীণ টার্মিনালে সিটি ব্যাংক- আমেরিকান এক্সপ্রেসের তৃতীয় লাউঞ্জ

সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে তৃতীয় লাউঞ্জ চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 06:56 PM

Updated : 02 Aug 2022, 03:14 PM

সোমবার আন্তর্জাতিক এ লাউঞ্জ চালু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, এর আগে ২০১০ সালে সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস ঢাকা বিমানবন্দরে দেশের প্রথম আন্তর্জাতিক লাউঞ্জ এবং ২০১৮ সালে একটি প্লাটিনাম লাউঞ্জ চালু করে।

উন্নত বিশ্বের যেকোনো লাউঞ্জের সমতুল্য এ লাউঞ্জে অতিথিদের জন্য রয়েছে নানান সেবা।

এতে বিজনেস সেন্টার, নামাজের স্থান, উচ্চগতির ইন্টারনেট, আমেরিকান এক্সপ্রেস কার্ড সার্ভিস ডেস্কসহ আরও সেবা পাবেন ভ্রমণকারীরা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লাউঞ্জটি সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস গোল্ড ও প্লাটিনাম কার্ড মেম্বারদের জন্য ২৪ ঘন্টা খোলা থাকছে। এতে অতিথিদের জন্য খাবারদাবার থাকছে পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে।

এ লাউঞ্জের সঙ্গেই রয়েছে একটি মুজিব কর্নার, যেটির সংগ্রহে রয়েছে হাজারখানেক বই যা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় ভূমিকা রাখবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান প্রধান অতিথি হিসেবে লাউঞ্জটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও পরিচালক তাবাসসুম কায়সার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান, লাউঞ্জটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেডের শমী কায়সার।

বেবিচকের চেয়ারম্যান এ বিশেষ পরিষেবা চালু করার জন্য সিটি ব্যাংককে অভিনন্দন জানান এবং অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে যাত্রীদের যাতায়াতকে উপভোগ্য করার প্রচেষ্টায় সরকারের সঙ্গে ব্যাংকটির যৌথভাবে কাজ করায় সন্তোষ প্রকাশ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস অভ্যন্তরীণ লাউঞ্জ দেশে আমাদের কার্ড মেম্বারদের দেওয়া আন্তর্জাতিক মানের সেবা প্রতিশ্রুতি পূরণের সফল নিদর্শন। ভবিষ্যতেও এ ধরনের নানা সুবিধা গ্রাহকদের দিয়ে যাব এবং ক্রেডিট কার্ড মার্কেট উন্নয়নে কাজ করব।