২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে না

রোজার মাসে ভোক্তা ও কৃষকের ‘স্বার্থ রক্ষায়’ আপাতত পেঁয়াজের আমদানি বন্ধের পরিকল্পনা নেই কৃষি মন্ত্রণলায়ের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 02:32 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

মঙ্গলবার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে কৃষি সচিব মো. ছায়েদুল ইসলাম বলেন, “কিছু গণমাধ্যমে দেখলাম ২৭, ২৮ ও ২৯ মার্চের পর আইপি বা আমদানি অনুমোদন বন্ধ করে দেওয়া হবে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

নতুন করে আইপি ‘ইস্যু’ করা বা বন্ধ করার কোনো নির্দেশনা বা পরিকল্পনা মন্ত্রণালয়ের নেই বলেও জানান সচিব।

বাজার স্থিতিশীল রাখতে রোজার ঈদ পর্যন্ত পেঁয়াজ আমদানি অব্যাহত রাখার জন্য চলতি সপ্তাহেই বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছিল। সে অনুরোধে যে সাড়া মিলেছে, মঙ্গলবার কৃষি সচিবের বক্তব্যে তা স্পষ্ট হল।  

কৃষি সচিব বলেন, “পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনা করে থাকি। এখন পর্যন্ত কৃষক পেঁয়াজের ভাল দাম পাচ্ছে। অন্যদিকে সামনে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

“এই সময়ে পেঁয়াজের দাম যাতে না বাড়ে, সেটিও আমাদের বিবেচনায় রয়েছে। তাই, আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা কৃষি মন্ত্রণালয়ের নেই।”

তবে নিবিড়ভাবে বাজার পর্যবেক্ষণসহ কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

Image
কৃষি সচিব মো. ছায়েদুল ইসলাম

কৃষি সচিব মো. ছায়েদুল ইসলাম

কিছু দিন আগে পেঁয়াজের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল জানিয়ে সচিব বলেন, “তখন কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পেঁয়াজ আমদানির জন্য আইপি ওপেন করা হয়। কারণ সাময়িক এটা বন্ধ রাখা হয়েছিল। আইপি ওপেন করার প্রতিফলন আমরা বাজারে দেখতে পাচ্ছি।

“এখন গণমাধ্যমের প্রতিবেদন দেখা যাচ্ছে পেঁয়াজের দাম কমে যাচ্ছে। তবে এখানে আপনারা দেখে থাকবেন, আমদানি করা পেঁয়াজের দাম কমেছে। কিন্তু আমাদের দেশি পেঁয়াজ চাষীরা যেটা মাঠ থেকে তুলছে, সেটার ভালো দাম আছে।”

আরও খবর

ঈদ পর্যন্ত পেঁয়াজ আমদানি চায় বাণিজ্য মন্ত্রণালয়