কৃষিতে অবদানের স্বীকৃতি পেল ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান
দেশের কৃষিক্ষেত্রে অবদানের জন্য ১০ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং চ্যানেল আই।
রাজধানীর একটি হোটেলে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে রোববার এই সম্মাননা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ নিয়ে সপ্তমবারের মতো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড দেওয়া হল। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমস্ত্রী আব্দুর রাজ্জাক।
পুরুস্কার প্রাপ্তরা কৃষিমন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন। নয়টি ক্যাটাগরিতে পুরস্কারের অর্থ হিসেবে সর্বমোট ২২ লাখ টাকা দেওয়া হয়।
তিন শতাধিক আবেদন থেকে বাছাই শেষে জুরি বোর্ড ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চুড়ান্তভাবে নির্বোচন করে। এর মধ্যে আজীবন সম্মাননায় ভূষিত হন পথিকৃত উদ্যানতত্ববিদ ড. এম এ রহিম।
এছাড়া বছরের সেরা কৃষক হিসেবে পুরস্কার পান (পুরুষ) মো. আকবর হোসেন, বছরের সেরা কৃষক (নারী) যৌথভাবে নয়ন সেলিনা ও মোছা. নুরন্নাহার বেগম, পরিবর্তনের নায়ক মা. জাহাঙ্গীর আলম শাহ, সেরা কৃষি সাংবাদিক মোহাম্মদ নুরুজ্জামান, জুরি স্পেশাল মো. কুব্বাদ হোসাইন, সেরা কৃষি প্রতিষ্ঠান (গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেরা কৃষি প্রতিষ্ঠান (সহযোগিতা ও বাস্তবায়ন) রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) ও সেরা কৃষি প্রতিষ্ঠান (রপ্তানি) প্রাণ ডেইরি লিমিটেড।
