সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি হলেন মাহবুবুর রহমান
সিটি ব্যাংকের প্রধান অর্থ কর্মকতা মোহাম্মদ মাহবুবুর রহমান পদোন্নতি পেয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিটি ব্যাংক।
চাটার্ড অ্যাকাউন্টেন্ট মাহবুবুর রহমান এতোদিন সিটি ব্যাংকের সিএফও এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
২০১১ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফওর দায়িত্বে সিটি ব্যাংকে যোগ দিয়েছিলেন মাহবুবুর রহমান।
তার আগে তিনি বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন।
বিভিন্ন সময়ে লিডস করপোরেশন লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার এবং গ্রামীণফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন মাহবুবুর।
আইডিএলসি এবং সিটি ব্যাংকের দুটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেডের পরিচালক পদেও আছেন তিনি।
