২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফসির পুরস্কার পেল সিটি ব্যাংক

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ‘ইস্যুয়িং ব্যাংক’ হিসেবে পুরস্কার পেয়েছে সিটি ব্যাংক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 11:29 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) পরিচালিত ‘১০ম গ্লোবাল ট্রেড অ্যাওয়ার্ড’ এর দক্ষিণ এশিয়ায় ইস্যুয়িং ব্যাংক ক্যাটাগরিতে এ পুরস্কার জিতেছে সিটি ব্যাংক বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের হাতে পুরস্কারের সনদ তুলে দেন ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট গ্রুপের আঞ্চলিক শিল্প পরিচালক অ্যালেন ফোরলেমু।

এসময় আরও উপস্থিত ছিলেন আইএফসির বাংলাদেশ, ভুটান ও নেপাল অঞ্চলের কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পুরস্কার সিটি ব্যাংককে আইএফসির গ্লোবাল ট্রেড ফাইন্যান্স প্রোগ্রামের (জিটিএফপি) সর্বোত্তম ব্যবহার এবং কর্মদক্ষতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সফল অংশীদারী ব্যাংক হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আইএফসির দশম বার্ষিক ট্রেড অ্যাওয়ার্ডে পাঁচ শতাধিক অংশীদার ব্যাংকের মধ্যে একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার ভিত্তিতে ৪৬টি ব্যাংক ৪৮টি বিভাগে এবার পুরস্কার পেয়েছে।

সিটি ব্যাংক ২০১২ সাল থেকে আইএফসির জিটিএফপি প্রোগ্রামের অধীনে ইস্যুয়িং ব্যাংক হিসেবে সংযুক্ত আছে।

২০২১ সালে জিটিএফপি প্রোগ্রামে বাংলাদেশি ব্যাংকগুলোর মধ্যে প্রথম কনফার্মিং ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয় এ ব্যাংক।

সিটি ব্যাংকের ট্রেড ফাইন্যান্সিং সক্ষমতা, কর্মদক্ষতা, আর্থিক স্বাস্থ্য ও ঝুঁকি ব্যবস্থাপনার উন্নতির মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা দেয়ার স্বীকৃতি স্বরূপ এসেছে এ পুরস্কার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটি ব্যাংক ২০২০ ও ২০২১ সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ট্রেড ফ্যাসিলিটেশন প্রোগ্রামের অধীনে ‘লিডিং পার্টনার ব্যাংক ইন বাংলাদেশ’ পুরস্কারও অর্জন করে।

সিটি ব্যাংক ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন থেকে মুরাবাহা ট্রেড ফাইন্যান্স সুবিধা গ্রহণ করছে, যা টাকার অঙ্কে তাদের প্রদত্ত সর্ববৃহৎ ক্রেডিট লাইনের সুবিধা ।

এছাড়া সিটি ব্যাংক যুক্তরাজ্য, নরওয়ে, নেদারল্যান্ডস, অস্ট্রিয়াসহ বেশ কয়েকটি দেশের আর্থিক উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গেও অংশীদার হিসেবে কাজ করছে।