পূর্বাচলের জন্য আলাদা কর্তৃপক্ষ গঠনের সুপারিশ
সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পূর্বাচল প্রকল্পের জন্য রাজউকের মত আলাদা কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, “পূর্বাচলের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আমরা একটি আলাদা কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করেছি। এ প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়ে গেলে সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি।”
বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, পূর্বাচলে রাজধানীর সীমানার বাইরের কিছু এলাকা থাকায় এবং বড় এলাকা হওয়ায় এর উন্নয়নে আলাদা কর্তৃপক্ষ গঠনের বিষয়ে মন্ত্রণালয়েরও ভাবনা আছে। বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার প্রেক্ষিতে কমিটি এ সুপারিশ করে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ এলাকায় মোট ছয় হাজার ২৭৭ একর জমিতে পূর্বাচল নতুন শহর গড়ে তুলতে ১৯৯৬ সালে প্রকল্প নেওয়া হলেও জমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়নের কাজেই ২০০৯ সাল পর্যন্ত লেগে যায়।
পরে প্রকল্পটি সংশোধন করে প্রথমে ২০১৮ সালের জুন পর্যন্ত এবং পরে ২০১৯ সাল পর্যন্ত সময় বাড়ানো হয়। তবে এ সময়েও কাজ শেষ করতে পারেনি রাজউক। ফলে ফের সময় বাড়ানো হয়। ২০২১ সালের শেষ নাগাদ এর কাজ হয়েছে ৭৫ শতাংশ।
শুরুতে এ প্রকল্পের ব্যয় তিন হাজার ৩১১ কোটি টাকা ধরা হলেও তা বাড়তে বাড়তে এখন ৭ হাজার ৭৮২ কোটি টাকায় পৌঁছেছে।
পরিকল্পনা অনুযায়ী, ২৫ হাজার ১৬টি আবাসিক প্লটের পাশাপাশি পূর্বাচলে ৬০ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। প্রকল্পটি অনুমোদনের পর থেকে বিভিন্ন কারণে বহুবার নকশা সংশোধন করা হয়েছে।
এ প্রকল্পের নারায়ণগঞ্জ অংশে রয়েছে চার হাজার ৫৭৭ দশমিক ৩৬ একর এবং গাজীপুর অংশে রয়েছে দেড় হাজার একর জমি।
মঙ্গলবারের বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের সব আবাসিক ও বাণিজ্যিক ভবনসহ হোটেলগুলোতে বাধ্যতামূলকভাবে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) স্থাপনের বিধান রাখতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।
এছাড়া এসটিপি নির্মাণ সামগ্রীর উপর আমদানি শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের সঙ্গে প্রয়োজনীয় আলোচনার সুপারিশও করা হয়।
মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বজলুল হক হারুন, মনোয়ার হোসেন চৌধুরী, সৈয়দা জোহরা আলাউদ্দিন ও ফরিদা খানম অংশ নেন।
