২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যপণের মেয়াদ নেই, বন্ধ হল আমদানিকারক প্রতিষ্ঠান

অনিয়মের অভিযোগে তিন দফা ‘সতর্কতার’ পর রাজধানীর একটি আমদানিকারক প্রতিষ্ঠানকে সাময়িক বন্ধ ঘোষণা করে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2022, 07:32 PM

Updated : 28 Apr 2022, 11:55 PM

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় মাওলা ট্রেডার্সের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় অধিদপ্তর।

রোজার আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এই  অভিযান পরিচালনা করা হয়।

সাংবাদিকদের তিনি বলেন, “মাওলা ট্রেডার্সে তদারকি করেছি। আমরা আগেও তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তিনবার এই প্রতিষ্ঠানটির সাথে মিটিং করেছি। আমাদের অফিসেও করেছি, তাদের প্রতিষ্ঠানেও করেছি।

“আজকে আমরা এখানে এসে দেখতে পেলাম, যে ডানো গুড়াদুধ তারা আমদানি করে, সেখানে বিএসটিআই অনুমোদিত আমদানিকারকের কোনো স্টিকার নেই।”

ভোক্তা অধিদপ্তরের পরিচালক জানান, এতে ভোক্তা অধিকার আইনের ব্যত্যয় ঘটেছে, পাশাপাশি এটা মোড়কজাত পণ্যের বিধিমালার পরিপন্থি।

“তাদের গোডাউনে গিয়েও আমরা মেয়াদোত্তীর্ণ কিছু খাদ্যদ্রব্য পেয়েছি। ভোক্তা অধিকার আইন ভঙ্গ করায় প্রতিষ্ঠানটিকে আমরা কয়েকটি ধারায় তিন লাখ টাকা জরিমানা করেছি এবং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করছি।”

এ বিষয়ে মাওলা ট্রেডার্সের কর্ণধার আনোয়ার হোসেন বলেন, “আমরা বাণিজ্যিক আমদানিকারক। এখানে আমাদের নিজস্ব বেশ কিছু ব্র্যান্ডও রয়েছে। সেখানে এমআরপি, বিএসটিআইয়ের লোগোসহ সবকিছুই রয়েছে।

“কিন্তু যেসব পণ্য আরও একশ লোক আমদানি করে, সেগুলোতে এককভাবে আমার প্রতিষ্ঠানের স্টিকার লাগালে সেটা বাজারে ছাড়তে পারব না। এটাকে যেভাবে নিয়মের মধ্যে আনা দরকার, সেটা আমরা আনব।”

অভিযানের সময় আশেপাশের বেশ কয়েকটি দোকান বন্ধ করে রাখতে দেখা যায়। এসময় দোকানগুলো খোলার নির্দেশ দিয়ে তা না মানলে তালা দেওয়ার হুঁশিয়ারি দেয় অধিদপ্তর। এর কিছুক্ষণ পরই দোকানগুলা খুলতে শুরু করে।

দোকানগুলা বন্ধ করে দেওয়ার পেছনে কী কারণ থাকতে পারে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না সে বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালকের কাছে জানতে চাওয়া হয়।

জবাবে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, “যিনি সৎভাবে ব্যবসা পরিচালনা করেন, তিনি তো পালিয়ে যাওয়ার কথা না। তারা তো চোর ডাকাত না, তাদেরও একটা সামাজিক সম্মান আছে।

“যদি সঠিকভাবে তারা ব্যবসা করেই থাকে, তাহলে তারা কেন দোকান বন্ধ করে রাখবে? তাদের কাছে আমার সেই প্রশ্ন। এরকম ঘটনা আমরা আগেও দেখেছি।”

অভিযানের উদ্দেশ্য তুলে ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক বলেন, “সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে যে অস্থিরতা চলছে সেই চিত্রটি সবার সামনে তুলে ধরতেই আমাদের এই অভিযান।

“এর পাশাপাশি শিশুখাদ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। রমজানকে কেন্দ্র করে গুড়া দুধের ব্যাপক চাহিদা থাকে। গুড়াদুধের বাজারের অস্থিতিশীলতা বন্ধ করতে আমরা চেষ্টা চালাচ্ছি।”

শিশুখাদ্য এবং গুড়াদুধের বাজার যেন অস্থিতিশীল না হয়, সেজন্য বুধবার বিকালে এই বাজারের ব্যবসায়ী সমিতির সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক বৈঠকে বসবেন বলে জানান তিনি।

“আমাদের পাওয়া তথ্য অনুযায়ী আমরা মাওলা ট্রেডার্সের বিরুদ্ধেই অভিযোগ পেয়েছিলাম, এখানে এসে অন্যদের মধ্যেও একই প্রবণতার আভাস পেয়েছি।

“সেইজন্যই তাদের আলোচনার জন্য ডাকা হয়েছে। ব্যবসায়ীদেরকে তাদের দায়িত্বের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমাদের এই কার্যক্রম।”

গুড়াদুধের বাজারের অস্থিতিশীলতা দূর করার লক্ষ্যে শিগগিরই রাজধানীর চকবাজার, মৌলভীবাজারেও অভিযান চালানো হবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক।

যাদের কারণে পণ্যের বাজার অস্থিতিশীল হচ্ছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, “আমরা বিভিন্ন পণ্যের বাজারে আমাদের তদন্ত কার্যক্রম শুরু করেছি।

“আমদানিকারকদের অনেকেই অসাধুতার সঙ্গে জড়িত। এর মধ্যে গুটিকয়েক আমদানিকারক সিন্ডিকেট তৈরি করে কারসাজির মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন, এই সিন্ডিকেটগুলো আমরা ভাঙতে শুরু করেছি...

“এজন্য আমদানিকারকরা কত টাকা দিয়ে পণ্য আমদানি করেছেন, এবং সেটি কত মূল্যে বাজারে ছাড়ছেন, সেই ব্যাপারে তাদের জবাবদিহিতা নিশ্চিত করব।”