বিকাশের সেবা নেবে ডেলিভারি টাইগার
অনলাইনভিত্তিক পণ্য পৌঁছে দেওয়ার কোম্পানি ডেলিভারি টাইগারের কর্মীরা গ্রাহকের কাছ থেকে নগদ টাকা বুঝে পাওয়ার পর বিকাশের মাধ্যমে তা কোম্পানির অ্যাকাউন্টে পাঠাতে পারবে।
এই বিজনেস পেমেন্ট সল্যুশন চালুর লক্ষ্যে সম্প্রতি দুই কোম্পানির মধ্যে চুক্তি হয় বলে বুধবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন ডেলিভারি টাইগারের সিইও এ কে এম ফাহিম মাশরুর এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।
বিকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই সুবিধার ফলে ডেলিভারি পারসনরা পণ্য পৌঁছানোর পর গ্রাহকের কাছে ক্যাশ টাকা নিয়ে তা দেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশ এজেন্টদের মাধ্যমে ডেলিভারি টাইগারের মার্চেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন।
“এর ফলে আগের মত ডেলিভারি টাইগারের অফিসে গিয়ে টাকা পৌঁছে দিয়ে আসতে হবে না। অন্যদিকে ডেলিভারি টাইগারের জন্যও ক্যাশ অন ডেলিভারি সংগ্রহ করার প্রক্রিয়া আরও সহজ ও স্বয়ংক্রিয় হবে।”
