২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে সৌদি আরবকে আহ্বান

বাংলাদেশে সরকার যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে, সেখানে বিনিয়োগ করতে সৌদি আরবকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 07:13 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বুধবার গণভবনে দেখা করতে গেলে তাকে তিনি এই আহ্বান জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, “আমি বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগকে স্বাগত জানাই। বিশেষ অর্থনৈতিক জোনে সৌদি বিনিয়োগকারীদের জন্য জমি বরাদ্দ করাসহ তাদের সহযোগিতা জোরদারে প্রস্তুত বাংলাদেশ।”

সৌদি পররাষ্ট্রমন্ত্রী নতুন খাত খুঁজে বের করে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে প্রেস সচিব জানান।

শেখ হাসিনা সৌদি আরবের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, অনেক ক্ষেত্রে এই সহযোগিতা জোরদার করা হয়েছে।

সহযোগিতা জোরদারের ক্ষেত্র হিসেবে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিরক্ষার কথা বলেন তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের অনেক কোম্পানি বাংলাদেশের জ্বালানি খাতে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

বৈশ্বিক তথা সৌদি আরবের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদানের কথাও বলেন তিনি।

ফয়সাল বিন ফারহান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের এবং বাংলাদেশের অপ্রতিরোধ্য অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন বলেও প্রেস সচিব জানান।

বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে একটি ‘বন্ধুত্বের শক্ত বন্ধন’ অভিহিত করে তিনি বলেন, আগামী দিনগুলোতে এই বন্ধন আরও মজবুত হবে বলে তিনি আশাবাদী।

প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ের একটি বিশেষ স্থানে রয়েছে।
শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রীর মা্ধ্যমে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মাদ বিন সালমান আল সৌদকে শুভেচ্ছা জানান।

মুসলিম বিশ্বের দুই পবিত্র মসজিদের খাদেম হিসেবে সৌদি বাদশাহ সালমানের অবদানের প্রশংসাও করেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর আরবি ভাষায় অনূদিত গ্রন্থটি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে উপহার হিসেবে দেন প্রধানমন্ত্রী। 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, অ্যাম্বাসাডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন, মুখ্য সচিব আহমেদ কায়কাউস, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারি, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসাফ ইসা আল দুলাইহান বৈঠকে উপস্থিত ছিলেন।