২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে পড়াদের আর্থিক সেবা দিতে নগদ ও ডানা ফিনটেকের মধ্যে চুক্তি

দেশে পিছিয়ে পড়াদের ডিজিটাল পদ্ধতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ঋণ সেবা দিতে মোবাইলে আর্থিক সেবার প্রতিষ্ঠান নগদ ও ডানা ফিনটেকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 09:58 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

এই চুক্তির ফলে অংশীদারিত্বের ভিত্তিতে নগদ ও ডানা ঋণদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এসএমই ডিজিটাল ঋণ প্রদানসহ গ্রাহকদের অন্যান্য আর্থিক সেবা প্রদান করবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘নগদ’ জানায়, সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় ‘নগদ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ ও ডানা ফিনটেকের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাজী ইয়ার মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগদ এর প্রধান বিক্রয় কর্মকর্তা শিহাব উদ্দিন চৌধুরী ও ডানা ফিনটেকের সহ প্রতিষ্ঠাতা এবং সিওও জিয়া হাসান সিদ্দিক।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই চুক্তির মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা উদ্যোক্তারা ঋণদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে আর্থিক সুবিধা নিতে পারবেন।

চুক্তি সম্পর্কে নগদের সিইও রাহেল আহমেদ বলেন, “এ দেশে পিছিয়ে পড়া ব্যক্তি, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য এই চুক্তিটি একটি মাইলফলক। বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে ও ডানার ডিজিটাল ক্রেডিট স্কোরিংয়ের মাধ্যমে নগদ ব্যবহারকারীরা সহজেই এই সুবিধা ভোগ করতে পারবেন।

“এই সেবাটি পিছিয়ে পড়া ও এসএমই উদ্যোক্তা খাতে অর্থ যোগানোর জন্য নতুন দুয়ার উন্মোচন করবে। বিশেষ করে যারা ঋণ ও ক্রেডিট কার্ড সেবার বাইরে থাকেন।”