২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যান্ড ফোরামে সেরা উদ্ভাবনের স্বীকৃতি পেল বিডিঅ্যাপস

সামাজিক অন্তর্ভুক্তির বিচারে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডে ‘সেরা উদ্ভাবনের’ স্বীকৃতি পেয়েছে রবি আজিয়াটা লিমিটেডের উদ্যোগ বিডিঅ্যাপস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2022, 11:26 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

সম্প্রতি এক অনুষ্ঠানে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরমান আহমেদ সিদ্দিকীর হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

এক বিজ্ঞপ্তিতে রবি আজিয়াটা জানায়, দেশে ডেভেলপারদের জন্য পরিবেশ তৈরি করতে সমাজ-ভিত্তিক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ায় এ স্বীকৃতি পেয়েছে বিডিঅ্যাপস। এছাড়া ডিজিটাল উপায়ে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অবদান রেখেছে প্ল্যাটফর্মটি।

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, “বাণিজ্যিক মূল্য রয়েছে এমন উদ্ভাবনী সল্যুশন তৈরি করতে শুরু থেকেই সমাজের প্রতিভাবান অ্যাপ ডেভেলপারদের সাথে সম্পৃক্ত রয়েছে বিডিঅ্যাপস। ডিজিটাল জীবনধারায় সমাজকে সম্পৃক্ত করতে আমাদের পদক্ষেপকে অনুপ্রাণিত করবে এই পুরষ্কার।“

রবির ভারপ্রাপ্ত সিইও এবং সিএফও এম রিয়াজ রশীদ বলেন, “ডিজিটাল প্রযুক্তির ওপর নির্ভরশীলতা বাড়ায় বিভিন্ন সমস্যা সমাধানে উদ্ভাবনী সল্যুশন তৈরিতে সমাজকে সম্পৃক্ত করতে হবে। আমি খুব আনন্দিত যে বিডিঅ্যাপস এ কাজটি করার জন্যই এ সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছে। সত্যিকার অর্থে সমাজের সব স্তরে উদ্ভাবনী প্রচেষ্টাকে ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছে বিডিঅ্যাপস। তাই এই পুরস্কারটি রবির ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় একটি মাইলফলক হয়ে থাকবে।“

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রবি আজিয়াটা জানায়, বর্তমানে বিডিঅ্যাপসে ২৫ হাজার ডেভেলেপার রয়েছেন। এরমধ্যে চার হাজার নারী ডেভেলপার।

বিডিঅ্যাপসে মোট ৪৫ হাজার অ্যাপ্লিকেশন রয়েছে যা ব্যবহার করছেন ৬০ লাখেরও বেশি গ্রাহক। সম্প্রতি বিডিঅ্যাপসকে বাংলাদেশের জাতীয় অ্যাপ স্টোরের স্বীকৃতি দিয়েছে আইসিটি বিভাগ।