২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা রিজেন্সি হোটেলের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের বিরুদ্ধে জরিমানাসহ প্রায় ৫৮ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2022, 10:57 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

সোমবার এ মামলা করা হয়েছে বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হোটেলটির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। এখনও পুরো তদন্ত শেষ হয়নি। তথ্যের অভাবে তদন্ত শেষ করা যাচ্ছে না।

“প্রাথমিকভাবে যে অনিয়ম পাওয়া গেছে তার ওপর ভিত্তি করে একটি মামলা করা হয়েছে।”

তদন্ত শেষ হলে আরও অনিয়ম পাওয়া যেতে পারে বলে যোগ করেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর জানায়, ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে গত বছরের ২৮ ডিসেম্বর ভ্যাট গোয়েন্দার উপ পরিচালক অথেলো চৌধুরীর নেতৃত্বে একটি দল ঢাকা রিজেন্সি হোটেলে অভিযান চালায়।

অভিযানকালে হোটেলের দলিলাদি যাচাই করে দুই মাসে দুই কোটি ৪০ লাখ টাকার গোপন বিক্রির তথ্য পাওয়া যায়।

তদন্ত শেষে হোটেলটির বিরুদ্ধে ৫৭ লাখ ৯২ হাজার টাকার ভ্যাট ফাঁকির মামলা দায়ের করেছে ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা রিজেন্সির ব্যবস্থাপক (কাস্টমার সার্ভিস) ইশরার ইবনে কামালসহ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনও কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্তে দেখা যায়, ২০১৮ সালের ডিসেম্বরে রিজেন্সি হোটেলের ৫ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকার বিক্রির তথ্য পাওয়া যায়। কিন্তু ওই সময়কালে বিক্রি দেখিয়েছে ৪ কোটি ৫৯ লাখ টাকা। ৪৭ লাখ ৪৪ হাজার টাকার তথ্য গোপন করেছে, যার উপর ‘পরিহারকৃত’ হারে মূসক দাঁড়ায় ৭ লাখ ১১ হাজার ৬৯২ টাকা।

এ ভ্যাট যথাসময়ে পরিশোধ না করায় মাসিক ২ শতাংশ হারে সুদ আরোপ করা হয় ৫ লাখ ১২ হাজার ৪১৮ টাকা।

ওই তদন্ত অনুযায়ী হোটেলটি ২০১৯ সালের জুলাইতেও বিক্রির তথ্য গোপন করেছে ১ কোটি ৯২ লাখ ৭৩ হাজার টাকা। এতে ভ্যাট ফাঁকি হয়েছে ২৮ লাখ ৯০ হাজার টাকা, যা যথাসময়ে পরিশোধ না করায় সুদ আরোপ হয়েছে ১৬ লাখ ৭৬ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে ৫৭ লাখ ৯২ হাজার টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে দায়ের করা মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরে পাঠানো হয়েছে।

একইসঙ্গে প্রতিষ্ঠানের কার্যক্রম অধিকতর পর্যবেক্ষণে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটকে অনুরোধ করা হয়েছে।