‘এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল প্রাণ-আরএফএল
মহামারীর মধ্যেও টেকসই প্রবৃদ্ধি ধরে রাখার স্বীকৃতিতে ‘দ্বিতীয় এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী প্রাণ-আরএফএল।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল জানিয়েছে, রপ্তানিতে ‘অপ্রচলিত ও উদীয়মান’ শ্রেণিতে এই পুরস্কার পেয়েছে তারা।
রোববার ঢাকার একটি হোটেলে বহুজাতিক ব্যাংক কোম্পানি ‘হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন’ (এইচএসবিসি) এর পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
উজমা চৌধুরী বলেন, “প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান লক্ষ্য ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে কর্মসংস্থান তৈরি ও দেশের অথনৈতিক উন্নয়ন। প্রাণ গ্রুপ কৃষকদের উৎপাদিত ফসল প্রক্রিয়াজাতের মাধ্যমে দেশের বাইরে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করছে।''
প্রাণ-আরএফএল এর পণ্য এখন বিশ্বের ১৪৫টি দেশে রপ্তানি হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এ ধরনের সম্মানজনক পুরস্কার আমাদের এগিয়ে যেতে আরো অনুপ্রেরণা যোগাবে।”
বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন ও এইচএসবিসি ব্যাংকের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার হেড অব কমার্শিয়াল ব্যাংকিং অ্যামান্ডা মারফি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকায় ব্রিটিশ হাই কমিশন এ আয়োজনে সহযোগিতা করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
