২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল এমএফএসের ১০ বছর উদযাপনের আয়োজন

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ১০ বছর পূর্তি উদযাপনের উৎসব শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2022, 05:54 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

শনিবার ঢাকার একটি হোটেলে সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাণী পড়ে শোনানো হয়। এছাড়া পরিকল্পনা মন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রী ভিডিও বার্তা দেন।

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন, বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর গত এক দশকে কোটি মানুষের জীবনের অংশ হয়ে ওঠা এমএফএস সেবার যাত্রাপথের চিত্র এবং ভবিষ্যতের এগিয়ে যাওয়ার পরিকল্পনা তুলে ধরেন।

বিকাশ, রকেট, এমক্যাশ, উপায়, ট্যাপ, মাই ক্যাশ, টেলিক্যাশ, ট্যাপ এন পে, এফএসআইবিএল, রূপালী ব্যাংক লিমিটেড, ওকে ওয়ালেট, ইসলামিক ওয়ালেট ও নগদ’র পৃষ্ঠপোষকতায় দেশজুড়ে মেলা, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ বছর পূর্তি উদযাপিত হয়।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “এমএফএসের কল্যাণে এখন আমরা যেখানেই থাকি, যখন দরকার তখনই কয়েকটা বাটন চেপে ডিজিটাল মানি পৌঁছে দিতে পারি প্রিয়জনের কিংবা যার প্রয়োজন সেই মানুষটির কাছে। কেনাকাটা, বিল পেমেন্ট থেকে শুরু করে প্রায় সব সেবাই এখন এসে গেছে গ্রামের কিংবা শহরের, শিক্ষিত কিংবা শিক্ষার সুযোগ বঞ্চিত, ধনী কিংবা দরিদ্র– সব সাধারণ মানুষের আঙ্গুলের ডগায়।”

প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে মোবাইল ফোন ও অ্যাপ নির্ভর ব্যবস্থা সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা বিস্তৃত করেছে মন্তব্য করে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, “সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ অন্যান্য সেবা মানুষ এখন মোবাইল ফোনের মাধ্যমে নিতে পারছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের ভাতা এখন এমএফএসের কল্যাণে সরাসরি উপকারভোগীদের মোবাইল ফোনে পৌঁছে যাচ্ছে।”

অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির বলেন, “আমি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকাকে সাধুবাদ জানাই যারা শুধুমাত্র নানান রকমের গ্রাহক-বান্ধব সেবা চালু করেনি বরং মানুষের মধ্যে আর্থিক লেনদেনের জ্ঞান বা ডিজিটাল লিটারেসি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

সমাপনী অনুষ্ঠানের দুই পর্বের আয়োজনে প্রথম পর্বে কেন্দ্রীয় ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান, অর্থনীতিবিদ, গবেষকসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারকে নিয়ে প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। এই পর্বে এমএফএস নিয়ন্ত্রণকারী সংস্থার পরিপ্রেক্ষণ থেকে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. মেজবাউল হক এবং এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর পরিপ্রেক্ষণ থেকে আলোচনা করেন ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।