২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিশন দিয়ে আমানত তোলা বন্ধে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ

দেশের ব্যাংক বহির্ভূত কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহে অনৈতিক পন্থা অবলম্বন করছে বলে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে ধরা পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 08:37 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

সেই কারণে আমানত সংগ্রহে কমিশন, উন্নয়ন বা ব্যবসা উন্নয়ন খরচের মতো ব্যয় কমাতে বলা হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মূখপাত্র মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি আমরা লক্ষ্য করেছি কিছু আর্থিক প্রতিষ্ঠান বিজ্ঞাপন, কমিশন এবং আরও নানা উপায়ে আমানত সংগ্রহে নেমেছে। এতে ব্যবসার খরচ বাড়ছে।

“আমরা মনে করি, এভাবে কমিশন দিয়ে আমানত আকৃষ্ট না করে পেশাদারিত্ব, সততা এবং নিজেদের সৃষ্টিশীল কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করুন।”

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পেশাদারিত্ব ও দক্ষতা দিয়ে আমানত সংগ্রহের পরামর্শ দেন তিনি।

নির্দেশনায় বলা হয়েছে, কিছু আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহ করতে কমিশন দিচ্ছে, উন্নয়ন ব্যায় দেখাচ্ছে বা ব্যবসা উন্নয়ন খরচ করছে। এই খরচগুলো অনৈতিক ও অগ্রহণযোগ্য।

এর ফলে আর্থিক প্রতিষ্ঠানেগুলোর তহবিল ব্যয় ‘অযৌক্তিকভাবে’ বাড়ছে বলে ঋণ বা বিনিয়োগের সুদ বা মুনাফার হারও বেড়ে যাওয়ার কথা নির্দেশনায় বলা হয়।

এই কারণে কমিশন, ব্যবসা উন্নয়ন খরচ, উন্নয়ন ব্যয়ের মতো খরচ করতে মানা করে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঘোষিত সুদ বা মুনাফার হার ছাড়া আর কোনো প্রচ্ছন্ন খরচ না দেখাতেও বলা হয়েছে।

সেই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সুদ বা মুনাফার হারের হালনাগাদ তথ্য নিয়মিতভাবে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।