২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কো স্টক একচেঞ্জ এ সপ্তাহেও খুলছে না

যুদ্ধের মধ্যে রুবলের দরপতনের পর বন্ধ হয়ে যাওয়া মস্কো স্টক এক্সচেঞ্জ এ সপ্তাহেও লেনদেন শুরু হচ্ছে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 01:19 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

তবে 'সবার জন্য উন্মুক্ত নয়' এমন কিছু লেনদেন চালু থাকবে বলে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক রোববার জানিয়েছে, ১৪ থেকে ১৮ মার্চ মস্কো স্টক এক্সচেঞ্জে স্বাভাবিক লেনদেন বন্ধ থাকবে। তবে এই সময় আন্তর্জাতিক মুদ্রা বাজার, মানি মার্কেট এবং রোপো মার্কেটে লেনদেন চলবে। এছাড়া এসপিএফআই পেমেন্ট সিস্টেমে চলে এমন লেনদেন করা যাবে। 

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরু করলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা দিতে শুরু করে। রাশিয়ার বেশ কয়েকটি ব্যাংককে বিশ্বের প্রধান আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকেও বাদ দেওয়া হয়।

এর জেরে গত ১ মার্চ রাশিয়ার মুদ্রা রুবলের বিনিময় হার এক ধাক্কায় ২৫ শতাংশ পড়ে যায়। দরপতনের রাশ টানতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক তাদের মূল সুদের হার দুই অংকে নেওয়ার ঘোষণা দেয়। তারপরও পরিস্থিতি সামাল দিতে না পারায় মস্কো স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ করে দেওয়া হয়।