দেশে এমএফএস সেবার ১০ বছর উদযাপনে ঢাকায় মেলা
দেশে মোবাইল আর্থিক সেবার ১০ বছর পূর্তি উদযাপনে ঢাকায় অনুষ্ঠিত হল ‘এমএফএস মেলা’।
বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে, সচেতনতামূলক পুতুল নাচ, গম্ভীরা, পথ নাটক দিয়ে উদযাপিত হয় এই মেলা।
‘হাতের মুঠোয় আর্থিক সেবা’ স্লোগানে দেশের বিভিন্ন জেলায় উদযাপনের পর ঢাকায় এই অনুষ্ঠান হয় বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।
ডাচ–বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন, বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মেজবাউল হক, ১০ বছর পূর্তি আয়োজক কমিটির আহবায়ক এবং বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো: মনিরুল ইসলাম (অব.), এবং বাংলাদেশ ব্যাংক ও অংশগ্রহন করা ১৩টি এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।
১০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এর আগে, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, বগুড়া ও রাজশাহীতে বিভিন্ন আয়োজনে অনুষ্ঠিত হয় ‘এমএফএস মেলা’। এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে বিকাশ, রকেট, এমক্যাশ, উপায়, ট্যাপ, মাই ক্যাশ, টেলিক্যাশ, ট্যাপ এন পে, এফএসআইবিএল, রূপালী ব্যাংক লিমিটেড, ওকে ওয়ালেট, ইসলামিক ওয়ালেট ও নগদ।
২০১১ সালে প্রথম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের আত্মপ্রকাশ ঘটে। ব্যাংকভিত্তিক মডেলে যাত্রা শুরু করা এ খাতে বর্তমানে ১৩টি এমএফএস প্রতিষ্ঠান সেবা দিচ্ছে। সবগুলো এমএফএস মিলিয়ে গ্রাহক সংখ্যা ১১ কোটির বেশি। এজেন্ট সংখ্যা ১১ লাখের বেশি। গড়ে দৈনিক এক কোটির বারের ওপরে লেনদেন হয় এমএফএসে, টাকার অংকে যার পরিমাণ ২ হাজার ২৯৫ কোটি টাকা।
