বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড জিতল ‘বিকাশ ম্যাপ’
বিকাশ অ্যাপে এজেন্ট, মার্চেন্ট ও গ্রাহক সেবার লাইভ লোকেশন দেখার উদ্ভাবনী সেবা ‘বিকাশ ম্যাপ’ চতুর্থ বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২ এর ‘বেস্ট ইনোভেশন- প্রোডাক্ট ডেভেলপমেন্ট’ পুরস্কার জিতেছে।
একইসঙ্গে ‘বেস্ট ইনোভেশন- ফিন্যান্স ইনোভেশন ইন আদার ফিন্যান্সিয়াল ইন্সটিটিউট’ ক্যাটাগরিতেও ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লোন’ এর জন্য অনারেবল মেনশন পুরস্কার কোম্পানিটি পেয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চতুর্থবারের মত বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ আয়োজিত এ পুরস্কারের মাধ্যমে জীবনকে সহজ করছে- এমন সব যুগান্তকারী উদ্ভাবন ও ধারণাকে পুরস্কার দেওয়া হয়। এবার ১৮টি উদ্ভাবনকে বিজয়ী এবং ২০টিকে অনারেবল অ্যাওয়ার্ড দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের কাছ থেকে পুরস্কার দুটি গ্রহণ করেন বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা।
“গ্রাহকের প্রয়োজনে তার অবস্থান থেকে নিকটস্থ এজেন্ট, মার্চেন্ট বা গ্রাহক সেবাকেন্দ্র খুঁজে নিতে সহায়তা করে বিকাশ ম্যাপ। ফলে সারাদেশের তিন লাখ এজেন্ট পয়েন্ট, ২৮৪টি গ্রাহক সেবা কেন্দ্র, দুই লাখ ৬০ হাজারের বেশি মার্চেন্ট পয়েন্ট থেকে গ্রাহকদের সেবা নেওয়া আরও সহজ হয়েছে,” বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
