শেয়ার লেনদেনের নতুন সফটওয়্যার কিনছে শেলটেক
শেয়ার লেনদেনের নতুন সফটওয়্যার কিনতে আইটি প্রতিষ্ঠান জেডএজি ট্রেডার পিএলসির সঙ্গে চুক্তি করেছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার পান্থপথের এনভয় টাওয়ারে সোমবার কোম্পানি দুটির মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে।
চুক্তি অনুযায়ী শেলটেক ব্রোকারেজ লিমিটেডকে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম দেবে জেডএজি ট্রেডার পিএলসি।
গ্রাহকদের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা দিতে এই সফটওয়্যার কিনছে শেলটেক। কোম্পানিটি ডিএসইর শীর্ষ ব্রোকারেজ হাউসগুলোর একটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে এক মিলিয়নেরও বেশি ক্লায়েন্টসহ সারা বিশ্বে তথ্যপ্রযুক্তি খাতে পরিষেবা দিচ্ছে জেডএজি ট্রেডার পিএলসি।
অনুষ্ঠানে শেলটেক ব্রোকারেজ লিমিটেডের পক্ষ থেকে শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ও শেলটেক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক মঈন উদ্দিন,সিইও মেসবাহ উদ্দিন খান উপস্থিত ছিলেন।
জেডএজি ট্রেডার এর পক্ষ থেকে লিডস কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সিইও শেখ ওয়াহিদ, প্রধান বিপণন কর্মকর্তা আনিসুর রহমান খান উপস্থিত ছিলেন।
