২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড জটিলতায় ডিডিসিএল প্রতিষ্ঠাতা রফিকুউদ্দীনের মৃত্যু

নির্মাণ খাতের পরামর্শক কোম্পানি ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টসের (ডিডিসিএল) প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক একেএম রফিকুউদ্দীন মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 10:54 PM

Updated : 28 Apr 2022, 11:46 PM

তার পুত্রবধূ অমিয়া খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার ইউনাইটেড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫টা ৪৮ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার শ্বশুর।

৭৮ বছর বয়সী রফিকুউদ্দীন কোভিড পরবর্তী জটিলতা ছাড়াও বিভিন্ন উপসর্গে ভুগছিলেন।

অমিয়া খন্দকার বলেন, “গত ১ ফেব্রুয়ারি কোভিড ধরা পড়ে। প্রথমদিকে শারীরিকভাবে তেমন অসুস্থতা না থাকলেও পরে অবস্থা ক্রমে জটিল হয়ে যায়।”

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিডিএলসি জাতীয় পর্যায়ের একাধিক প্রকল্পে কাজ করছে। এর মধ্যে রয়েছে ঢাকা মেট্রো রেল প্রকল্প (লাইন ১, ৫, ৬), বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্প, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প, কুড়িল ফ্লাইওভার, বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড, মাতারবাড়ি বিদ্যুৎ ও বন্দর প্রকল্পও রয়েছে। বিদেশেও বিভিন্ন প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করেছে ডিডিএলসি।

বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে রফিকুদ্দীনের জানাজা হয়। শুক্রবার ভোরে তার মরদেহ গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলমহরে নিয়ে যাওয়া হবে। সেখানে জুমার নামাজের পর আরেক দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে।

স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে এবং নাতি-নাতনিদের রেখে গেছেন একেএম রফিকউদ্দিন।