ফেমাস গ্রুপের বিরুদ্ধে ১৩ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা
ফেমাস গ্রুপের দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধের ১৩ কোটি ৩৪ লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।
বুধবার ফেমাস প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড এবং ফেমাস আইবারকেম ফ্লেভারস এন্ড ফ্র্যাগনেন্সেস লিমিটেডের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে বলে জানায় ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।
ফেমাস প্রিন্টিং এন্ড প্যাকেজিং টঙ্গীতে এবং ফেমাস আইবারকেম ফ্লেভারস এন্ড ফ্র্যাগনেন্সেস গাজীপুর সদরে অবস্থিত। প্রতিষ্ঠান দুটির করপোরেট অফিস গুলশানে। প্রতিষ্ঠান দুটি খাদ্য সামগ্রীতে ব্যবহৃত কেমিকেল (ফ্লেভার) এবং বিভিন্ন ব্র্যান্ডের মোড়কের প্যাকেজিং সামগ্রী উৎপাদন ও সরবরাহ করে।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর জানায়, সম্প্রতি প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালিয়ে ৮০ কোটি ২৮ লাখ টাকার অঘোষিত বিক্রির হিসাব জব্দ করা হয়। তদন্তে জানা গেছে, ওই বিক্রির তথ্য গোপন করে সরকারের প্রায় ১৩ কোটি ৩৪ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।
আর্থিক গোয়েন্দা সংস্থাটি জানায়, ভ্যাট ফাঁকির গোপন সংবাদ পেয়ে গত ২৩ নভেম্বর অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাজেদুল হক এবং মুনাওয়ার মুরসালীন প্রতিষ্ঠান দুটির করপোরেট অফিসে অভিযান চালায়।
অভিযানের শুরুতে কর্মকর্তারা প্রতিষ্ঠানের ভ্যাট সংক্রান্ত ও বাণিজ্যিক দলিলাদি দেখাতে অনুরোধ করেন। এরপর প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এবং প্রতিষ্ঠানের কম্পিউটারের তথ্যাদি যাচাই করে সেবা বিক্রি সংক্রান্ত আরও বাণিজ্যিক দলিলাদি লুকানো অবস্থায় উদ্ধার করেন।
তদন্তে দেখা যায়, ফেমাস প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড ২০১৬ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত যে মূল্যের পণ্য বিক্রি করেছে, স্থানীয় ভ্যাট সার্কেলের তার চেয়ে কম মূল্য প্রদর্শন করেছে। এতে প্রায় ৬ কোটি ৯৭ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে। এই ফাঁকির ওপর ২ কোটি ৪১ লাখ টাকা সুদ প্রযোজ্য হয়েছে।
এছাড়া ফেমাস আইবারকেম ফ্লেভারস এন্ড ফ্র্যাগনেন্সেস লিমিটেড ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ২৬ কোটি ৭৯ লাখ টাকার বিক্রি তথ্য গোপন করে। এতে ভ্যাট ফাঁকি পড়েছে প্রায় ৩ কোটি ৪৯ লাখ টাকা। এর ওপর সুদ জমা হয়েছে আরও প্রায় ৪৬ লাখ টাকা।
তদন্তে প্রতিষ্ঠান দুটির অপরিশোধিত ভ্যাট ১০ কোটি ৪৭ লাখ টাকা এবং সুদ বাবদ ২ কোটি ৮৭ লাখ টাকাসহ মোট ১৩ কোটি ৩৪ লাখ টাকার রাজস্ব পরিহারের তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা দল।
ভ্যাট আদায়ে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য প্রতিবেদন ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।
